
শরীয়তপুরে আট জেএসসি পরীক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পৌর এলাকার আংগারিয়া বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন চলাকালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
দুপুরে আংগারিয়া বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে সদরের পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা শরীয়তপুর-মাদারীপুর সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাতীয় মহিলা সংস্থা, মহিলা অধিদপ্তর ও বেসরকারি সংস্থা আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের উদ্যোগে এ কর্মসূচি থেকে হামলায় জড়িত বখাটেদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এদিকে বখাটেদের হামলায় আহত তিন শিক্ষার্থী গতকাল পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষে শয্যায় শুয়ে পরীক্ষা দিয়েছে। সদর উপজেলার আংগারিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে তাদের গণিত বিষয়ের পরীক্ষা ছিল। অন্যরা নিজ নিজ আসনে বসে পরীক্ষা দেয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শরীয়তপুর সদরের বিনোদপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা আংগারিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষাকেন্দ্রে আসার পথে এক পরীক্ষার্থীকে এক সপ্তাহ ধরে পাশের দেওয়ানকান্দি গ্রামের শামিম দেওয়ান উত্ত্যক্ত করে আসছিলেন। তিনি সহযোগীদের নিয়ে গত বৃহস্পতিবার দেওয়ানকান্দি এলাকায় শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইক থামান। এরপর ওই পরীক্ষার্থীর মুঠোফোন নম্বর চান। প্রতিবাদ করলে আট শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন তাঁরা। এ ঘটনায় শামিমসহ চারজনের বিরুদ্ধে শরীয়তপুর সদরের পালং মডেল থানায় মামলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিনোদপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া বলেন, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা আতঙ্কে রয়েছেন।