নোয়াখালীর সুবর্ণচরে এক ছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের চেষ্টার ঘটনায় জড়িত দুই বখাটেকে গ্রেপ্তারের দাবিতে উপজেলার একটি কলেজ ও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার ক্লাস বর্জন ও মিছিল করেছে। বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক বখাটের বিরুদ্ধে গতকাল মামলা হয়েছে।নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক স্কুলছাত্রীকে ২৪ অক্টোবর রাতে ধর্ষণের চেষ্টা চালান দুই বখাটে। ওই ছাত্রী এ ঘটনায় মঙ্গলবার ওই দুই বখাটের বিরুদ্ধে থানায় মামলা করেছে। কিন্তু পুলিশ গতকাল বুধবার পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চর আলাউদ্দিন গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে শেখ ফরিদ ওরফে মিয়া মাঝি এবং একই এলাকার শেখ আহম্মদের ছেলে নাছির মাঝি ২৪ অক্টোবর চরক্লার্ক উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর (১৪) বাড়িতে দরজা ভেঙে ঢুকে তাকে বাইরে নিয়ে আসেন। এ সময় ওই দুই বখাটে তাকে ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় ওই স্কুলছাত্রী কৌশলে তাঁদের কাছ থেকে পালিয়ে গিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। বখাটেরা সেখানে গিয়ে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে চলে যান। এর আগে প্রায়ই তাঁরা স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। এর প্রতিবাদে চরক্লার্ক উচ্চবিদ্যালয়সহ একটি কলেজ ও কয়েকটি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে গতকাল এলাকায় মিছিল করে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।বগুড়ার ধুনটে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে আলমগীর হোসেন (২৪) নামের এক বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা ধুনট থানায় গতকাল মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার তারাকান্দি গ্রামের আবদুর রশিদের ছেলে আলমগীর সোমবার সকালে বিদ্যালয়ে আসার পথে মাঠপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে ভ্যানে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি ওই মেয়েকে একটি গাছের সঙ্গে বেঁধে তার শ্লীলতাহানি করেন।আলমগীর হোসেনের বাবা আবদুর রশিদ বলেন, ‘ছেলে আমার কারও কোনো কথা শোনে না। ঘটনার পর থেকেই সে পলাতক।’