বখাটেদের জন্য প্রাণ দিতে হলো স্কুলছাত্রী রিমাকে
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছবিখাঁরপাড় গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রিমা আক্তার মারা গেছে গত সোমবার। তাঁর নিজের ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, রিমাকে ধর্ষণের পর হত্যা করেছে বখাটেরা। এ অভিযোগে তাঁরা মামলা করতে চাইলেও মামলা নেয়নি পুলিশ। তবে পুলিশের দাবি, কেউ মামলা করতে আসেনি।জানা গেছে, পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কাত্তিকপাশা গ্রামের দিনমজুর আলাউদ্দিন মৃধার মেয়ে রিমা আক্তার (১৩)। সে এবং তাঁর বড় ভাই আবু হানিফ আগৈলঝাড়ার ছবিখাঁরপাড় গ্রামে মামা শরিয়াতুর রহমানের বাগানবাড়ি দেখাশোনা করতেন। রিমা আগৈলঝাড়া জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।রিমার মামা শরিয়াতুর রহমান জানান, স্কুলে যাওয়া-আসার পথে স্থানীয় রথবাড়ি গ্রামের বখাটে শুত্র গাইন (১৮) কমল বিশ্বাস (১৯) ও পরেশ (২২) রিমাকে প্রায়ই অশ্লীল কথা বলতেন। গত ডিসেম্বরে শুত্র গাইন ও তাঁর আরেক সহযোগী মৃদুলকে নিয়ে গভীর রাতে রিমার ঘরে ঢোকার চেষ্টা করেন। তবে প্রতিবেশীদের ধাওয়ার মুখে তাঁরা পালিয়ে যান। এ নিয়ে পরে গ্রামে সালিসও হয়।রিমার ভাই আবু হানিফ জানান, ঘটনার দিন গত সোমবার সকালে রিমা বাড়ির সামনে খালপাড়ে গোসল করতে যায়। গোসল করে কাপড় পরিবর্তনের সময় বখাটে শুত্র ও পরেশ রিমার ছবি তোলে। রিমা বিষয়টি জানালে শুত্র ও পরেশ দুপুরে শাসিয়ে দেন।আবু হানিফ বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে আমি আগৈলঝাড়া সদরে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি ফিরে খাটের ওপর গলায় ওড়না পেঁচানো অবস্থায় রিমার ঝুলন্ত লাশ দেখতে পাই।’ তিনি জানান, তাঁর ধারণা, বখাটেরা রিমাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। রিমার মামা শরিয়াতুর রহমান জানান, তিনি গত বৃহস্পতিবার থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্ত পুলিশ মামলা নেয়নি।অভিযোগের ব্যাপারে শুত্র গাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়।’মামলা না নেওয়ার বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দী বলেন, কেউ থানায় মামলা করতে আসেনি। বরং পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।