বখাটেদের ঠেকাবে খুদে বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখাটেদের প্রতিরোধে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্কুলে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে পুলিশ। সেই কর্মসূচির কথাই গতকাল ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
বখাটেদের প্রতিরোধে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্কুলে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে পুলিশ। সেই কর্মসূচির কথাই গতকাল ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

০১৮৪১৩৭৩২৩৭! এটি পুলিশের একটি মুঠোফোন নম্বর। এ নম্বরে উত্ত্যক্তের শিকার কিশোরীকে ‘৩৭৩’ লিখে একটি খুদে বার্তা পাঠাতে হবে। তারপর পুলিশ কিশোরীর নম্বরে ফোন করে জেনে নেবে তার অভিযোগ বা উত্ত্যক্তকারীর নাম-ঠিকানা, পরিচয়। এরপর সেই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।
বখাটেদের হাত থেকে কিশোরীদের রক্ষা করতে নগরের বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুর সোয়া ১২টায় নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার সমাবেশে ছাত্রীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন। এ সময় ছাত্রীদের একটি মুঠোফোন নম্বর দেন তিনি।
বনজ কুমার মজুমদার তাঁর বক্তব্যে বলেন, ‘আমিও মেয়ের বাবা। দেশে-বিদেশে দেখেছি, যে যত কথাই বলুক, মেয়েরা কোনো না কোনোভাবে নির্যাতিত। সে স্কুলে আসা-যাওয়ার পথেই হোক, আর বিয়ের আগে-পরেই হোক। আমি আপনাদের এ জায়গায় সাহায্য করতে চাই।’
বনজ কুমার ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের সঙ্গে একটি চুক্তি করতে চাই। আপনি যদি আমাকে আপনার অভিযোগটা বলেন, তাহলে আমি আপনার সঙ্গে তিনটি বিষয়ে চুক্তিবদ্ধ হব। প্রথমটি হচ্ছে, আপনি যার বিরুদ্ধে অভিযোগ করবেন, সে যে-ই হোক, রাস্তার ছেলে হোক, স্কুলের শিক্ষক হোক, বন্ধু হোক, পাড়া-প্রতিবেশীই হোক—নিপীড়নকারী জানতে পারবে না অভিযোগকারী কে।’
‘দ্বিতীয়টি হলো, আপনি না চাইলে আপনার স্কুলের শিক্ষকেরা বিষয়টি জানতে পারবে না। তৃতীয়টি হলো, আপনার আপত্তি থাকলে আপনার মা-বাবাকেও জানতে দেওয়া হবে না। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখেন। আমার কাছে অভিযোগ করার পর থানায় বা আদালতে আপনাদের যেতে হবে না। তবে নিজের সমস্যা নিজেকেই জানাতে হবে, অন্য কাউকে দিয়ে বলানো যাবে না। আগেও একবার এ উদ্যোগ নিয়েছিলাম, তখন আপনাদের বড় বোনেরা উপকৃত হয়েছিল।’
পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘পুলিশ স্কুলের ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। এটা ভাবতে আমাদের ভালো লাগছে। পুলিশ যে নম্বর দিয়েছে, আশা করছি সেটির মাধ্যমে ছাত্রীরা নিজেদের সমস্যাগুলোর কথা বলতে পারবে।’
ইশরাত বিনতে ইয়াছিন নামে নবম শ্রেণির এক ছাত্রী বলে, ‘ভয় ও লজ্জায় এ রকম সমস্যার কথা আমরা কাউকে বলতে পারি না। নম্বরটি পেয়ে ভালো লাগছে।’
সমাবেশে উপস্থিত দেলোয়ারা বেগম নামের এক অভিভাবক প্রথম আলোকে বললেন, ‘মেয়েরা আসলেই মা-বাবাকে অনেক কিছু বলতে চায় না। এ উদ্যোগ সফল হলে আমরাও কিছুটা নিশ্চিন্ত হব।’
উত্ত্যক্ত (ইভ টিজিং) প্রতিরোধ সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) কামরুল আমিন, অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান, সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) শাহ মোহাম্মদ আবদুর রউফ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। নগরের অন্যান্য বিদ্যালয়েও এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।