বখাটেদের তাণ্ডবে প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান পণ্ড
একদল বখাটে তরুণের তাণ্ডবে পটুয়াখালীর বাউফলের মধ্য যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে বখাটেরা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। স্কুল কমিটির সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গতকাল ছিল শেষ দিন। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় ১৫-২০ জনের একদল বখাটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। তারা অনুষ্ঠান দেখতে আসা মিলন (১৭) নামের এক শিক্ষার্থীকে মারধর শুরু করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটেরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. শাহনাজ বেগম জানান, শিশুদের এত সুন্দর একটি অনুষ্ঠান এভাবে পণ্ড করে দেওয়ার ঘটনায় দায়ী বখাটেদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।