বখাটেদের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরে বখাটেদের দৌরাত্ম বেড়েছে। বখাটেরা নিয়মিত স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে চলেছে। বখাটেরা প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে কাশীনাথপুর বাজারে অস্ত্র নিয়ে মহড়া দেয় বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বখাটেরা আবদুল লতিফ উচ্চবিদ্যালয় ও শহীদ নূরুল হোসেন কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। বিদ্যালয়ের সামনের রাস্তায় বখাটেদের উৎপাত এত বেশি যে সেখান দিয়ে চলাচলে ছাত্রীদের আতঙ্কে থাকতে হয়। ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সূত্রে জানা যায়, আবদুল লতিফ উচ্চবিদ্যালয় ও শহীদ নূরুল হোসেন কলেজের প্রধান রাস্তার গলির মুখে ও কয়েকটি স্টেশনারি দোকানে বখাটেরা অপেক্ষায় থাকে। স্কুলে যাওয়া-আসার পথে তারা সেখান থেকে ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত করে। ছাত্রীদের উত্ত্যক্ত করতে বহিরাগত বখাটেরা মাঝেমধ্যে ওই বিদ্যালয়ে ঢুকে পড়ে বলে অভিযোগ রয়েছে। শিক্ষক-অভিভাবকেরা জানান, গত ১০ জুলাই সকালে ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ সন্ত্রাসী কায়দায় মহড়া দেওয়ার অভিযোগে এলাকাবাসী মোস্তফা ও নয়ন নামের দুই তরুণকে পুলিশে সোপর্দ করে। এ খবর পেয়ে ওই দুজনের পক্ষ নিয়ে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক আবদুর রহমানকে মারধর করে। এ ছাড়া তারা কাশীনাথপুর বাজারের বিভিন্ন দোকানে হামলা চালিয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ্য করে। এ ঘটনায় এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে বখাটে-সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ওই দিন বাজারের দোকানপাট বন্ধ রেখে দুপুর দুইটা থেকে প্রায় আড়াই ঘণ্টা পাবনা-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বেড়া ও সাঁথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ওই ঘটনার পর দুই-তিন দিন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পুলিশের টহল থাকায় বখাটেদের উৎপাত অনেকটা কমে যায়। কিন্তু পুলিশের টহল বন্ধ হওয়ার পর থেকে বখাটেদের উৎপাত ফের বাড়তে শুরু করেছে। বেড়া-সাঁথিয়া সার্কেলের এএসপি খান মোহামঞ্চদ আবু নাসের বলেন, ‘ওই এলাকার বখাটে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া গত শুক্রবার (২১ জুলাই) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলাকার লোকজনের সঙ্গে বৈঠকে বসে বখাটে ও সন্ত্রাসীদের দমনে একটি কমিটি গঠন করে দিয়েছেন।’