বখাটেদের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১, আহত ২
যমুনা সেতু রেল সংযোগ সড়কে মির্জাপুর উপজেলার দেওহাটায় একদল বখাটের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয় ক্লিনিকে চিকির্যাসাধীন। তাঁরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাসাদাওয়াপুকুরের আব্বাস খানের ছেলে মমিন মিয়া (২২) ও উপুরহাটের আফাজ উদ্দিনের ছেলে আইয়ুব আলী (২৩)।পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে করে যাত্রীরা যাচ্ছিলেন। ট্রেনটি কালিয়াকৈরে আসার পর ছাদে থাকা কয়েকজন রিকশাচালকের কাছে একদল বখাটে যুবক প্রথমে সিগারেট দাবি করে। এতে অস্বীকৃতি জানালে বখাটেরা তাদের কাছে থাকা মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর জামার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে বখাটেরা শ্রমিকদের ধাক্কা দিয়ে ট্রেনের ছাদ থেকে ফেলে দিলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা (২০) একজন নিহত ও দুজন আহত হন। নিহত ব্যক্তির লাশ মির্জাপুর থানার পুলিশের হেফাজতে আছে।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পেশায় তাঁরা রিকশাচালক। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।