
আমার বোনকে কেন মরতে হলো? তার এমন মর্মান্তিক মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সে আর ফিরে আসবে না। কিন্তু আমার বোনের মতো জীবনগুলো যেন আর অকালে ঝরে না যায়।
কথাগুলো চাঁপাইনবাবগঞ্জে মাদকাসক্ত যুবক আবদুল মালেকের হাঁসুয়ার কোপে গত শুক্রবার নিহত স্কুলছাত্রী কণিকা ঘোষের ছোট বোন কাঞ্চনা ঘোষের। সদর উপজেলার মহিপুর কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার গোবরাতলা ইউনিয়ন শাখা কমিউনিটি পুলিশের সভায় এসব কথা বলে অষ্টম শ্রেণির এই ছাত্রী।
জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী কার্যক্রম, মাদকদ্রব্য, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত এই সভায় শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষের ঢল নেমেছিল। মাদকাসক্ত যুবকের হাতে নিহত হওয়ার কারণে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কণিকা ঘোষের মা ও ছোট বোনকে এই সভায় ডাকা হয়।
কাঞ্চনা ঘোষ বলে, ‘পথেঘাটে কেন মেয়েদের ভয়ের মধ্যে থাকতে হবে? নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হবে? বখাটেদের প্রতিরোধ করার মতো কি কেউ নেই?’
পুলিশ যেন মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করে উল্লেখ করে সে বলে, চার মাস আগে তার বাবা মারা যাওয়ার পর বড় বোন কণিকার হাতেই ছিল সংসারের নেতৃত্ব। এ অবস্থায় তাদের সংসারের ওপর নজর রাখতে স্থানীয় প্রশাসনের কাছে সে অনুরোধ জানায়। শেষে কান্নাজড়িত কণ্ঠে কাঞ্চনা বলে, ‘আমার বোনের হত্যাকারীর ফাঁসি চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার বশির আহম্মদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক রুহুল আমীন, সদস্যসচিব মাহবুবুর রহমান প্রমুখ। তাঁদের বক্তব্যেও ছিল কণিকা ও তার সহপাঠীদের কথা। তবে বক্তারা বলেন, মাদকের অবাধ বিস্তারের কারণেই মালেকের মতো মাদকাসক্ত ও বিকারগ্রস্ত মানুষ তৈরি হচ্ছে। সভায় মাদক প্রতিরোধে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যর্থতা ও দুর্নীতির তীব্র সমালোচনা করা হয়।
পুলিশ সুপার বলেন, কণিকা হত্যা মামলার অভিযোগপত্র এক মাসের মধ্যেই দেওয়া হবে। এলাকাকে মাদকমুক্ত করতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।
গোবরাতলা ইউনিয়নের মহিপুরে আবদুল মালেকের হাঁসুয়ার কোপে কনিকা নিহত হওয়া ছাড়াও গুরুতর আহত হয় তানজিমা তাহসিন, মরিয়ম খাতুন ও তারিন আফরোজ নামে কণিকার তিন সহপাঠী। তারা সবাই মহিপুর এস এ এম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক আবদুল মালেক শনিবার ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।