বখাটেদের প্রতিরোধ শোভাযাত্রায় অংশ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল রোববার দেশের সব জেলা-উপজেলায় স্কুল-কলেজে মেয়েদের উত্ত্যক্তকারী বখাটে-সন্ত্রাসীদের প্রতিরোধে আয়োজন করা শোভাযাত্রা ও সমাবেশে অংশ নিতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী গতকাল শুক্রবার সিলেটের গোলাপগঞ্জে এক সুধী সমাবেশে এ আহ্বান জানিয়েছেন।মন্ত্রী বলেন, দেশে ঘৃণ্য বখাটেদের সংখ্যা নগণ্য হলেও বিভিন্ন স্থানে এরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের অপতত্পরতায় অতিষ্ঠ হয়ে বেশ কিছু মেয়ের জীবন অকালে ঝরে গেছে। তারা মেয়েদের মা-বাবা-আত্মীয়দের খুন করতেও দ্বিধা করছে না। তাই এদের প্রতিরোধের সময় এসেছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল রোববার দেশব্যাপী ‘শিক্ষা দিবস’ পালন করবে। দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘ছাত্রীদের নিরাপত্তায় বখাটে-সন্ত্রসীদের প্রতিরোধ করুন’। এ দিন সকাল আটটায় দেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রার আয়োজন করা হবে। শোভাযাত্রা শেষে সমাবেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে শপথ নেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনাপত্র পাঠানো হয়েছে। মন্ত্রী রোববারের কর্মসূচিতে দেশের সব বিবেকবান মানুষকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।সমাবেশে গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইকবাল আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহম্মদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মেজবাহ, ফুটবল সংগঠক আলী আকবর ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।পরে মন্ত্রী স্থানীয় এক ফুটবল প্রতিযোগিতা উপভোগ করেন এবং এবারের বিশ্বকাপের প্রথম গোলটিকে বিশ্বের শিক্ষার উন্নয়নে উৎসর্গ করার জন্য ফিফার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।