বখাটেদের প্রতিহত করার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার পিরোজপুর, পঞ্চগড় ও সুনামগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা মাদক ও ইভ টিজিংকে ‘না’ বলে। পাশাপাশি বখাটেদের প্রতিহত করার অঙ্গীকার করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পিরোজপুর: সকাল ১০টায় শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠান শুরু হয়। আলোচনার ফাঁকে ফাঁকে চলে নাচ ও বাউলগান। উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এম এ মান্নান, অভিভাবক মির্জা জহুরুল হক, লতিফ খসরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি কানাই লাল বিশ্বাস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. জলিল, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, রবির পিরোজপুরের আঞ্চলিক ব্যবস্থাপক এম এম দিলশাদুল হক, অদম্য মেধাবী মেহেদী হাসান, বন্ধুসভার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে অ্যাডভোকেট মাহমুদ হোসেন শিক্ষার্থীদের ইভ টিজিংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে ছয় অদম্য মেধাবীকে বন্ধুসভার পক্ষ থেকে জামা-কাপড় দেওয়া হয়। এ ছাড়া জেলার শ্রেষ্ঠ তিন শিক্ষাপ্রতিষ্ঠান মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউট, পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয় ও কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চবিদ্যালয়কে ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় বন্ধুসভার সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমান। পঞ্চগড়: পঞ্চগড় সরকারি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা দুই হাত তুলে মাদক ও ইভ টিজিংকে সমস্বরে ‘না’ বলেন। এরপর বক্তৃতা করেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক শাহরিয়ার করিম খান, শিক্ষক মো. গিয়াসউদ্দীন, জীবধন বর্মণ, ফেরদৌস আরা বেগম, আবু আলম মো. আতাউর রহমান, কৃতী শিক্ষার্থী জুরিহা রুমাইয়া জ্যোতি, মোহাম্মদ অপু প্রমুখ। আলোচনা শেষে এসএসসি পরীক্ষায় ভালো ফলের স্বীকৃতিস্বরূপ পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বন্ধুসভার সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সুনামগঞ্জ: ময়না সহপাঠীকে নিয়ে প্রতিদিন স্কুলে যায়। যাওয়া-আসার পথে এলাকার কয়েকজন বখাটে তাদের উত্ত্যক্ত করত। ময়নার বাবা স্থানীয় চেয়ারম্যানের কাছে এর বিচার চান। চেয়ারম্যান খোঁজ নিয়ে দেখেন, তাঁর ছেলেই এই বখাটেপনার সঙ্গে জড়িত। তাই আর বিচার হয় না। একদিন রাগে-দুঃখে বিষপান করে ময়না। বিষপানের আগে ময়নার বলা কথাগুলো সবার হূদয়কে নাড়া দেয়। চোখ ছলছল করে ওঠে। পিনপতন স্তব্ধতা নামে মিলনায়তনজুড়ে। এখানেই নাটিকাটি শেষ হয়। এরপর উপস্থিত সব শিক্ষার্থী দাঁড়িয়ে ইভ টিজিং প্রতিরোধের শপথ নেন। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা নাটিকাটি প্রদর্শন করেন।অনুষ্ঠানে সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম চৌধুরী, শীলা রায়, রবির আঞ্চলিক ব্যবস্থাপক তানভির আহমদ, শিক্ষক আনিসুর রহমান, শিক্ষার্থী রায়হানা রাইন খান, দীপ্ত চন্দ প্রমুখ বক্তৃতা করেন। শিক্ষক-অভিভাবকদের সঙ্গে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম ও কণ্ঠশিল্পী আশিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় বন্ধুসভার সদস্য দেওয়ান শাহ জামান রাজা চৌধুরী।