বখাটেদের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর চুল কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর পৌরসভার সফরাবাদ এলাকায় দুর্বৃত্তরা গত সোমবার এক গৃহবধূকে প্রকাশ্য রাস্তায় ধরে চুল কেটে পুড়িয়ে দিয়েছে। ঘটনার প্রতিবাদ করায় দুর্বৃত্তরা গৃহবধূর স্বামীকেও মারধর করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার কেশবপুর থানায় একটি মামলা হলেও কোনো আসামি ধরা না পড়ায় পরিবারটি আতঙ্কে আছে। এ ঘটনায় নারীবাদী সংগঠন কপোতাক্ষ মহিলা সংস্থার পরিচালক সুফিয়া পারভীন দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত এলাকার বখাটে যুবকেরা। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার সফরাবাদ এলাকার কিছু বখাটে বিভিন্ন সময় ওই গৃহবধূকে উত্ত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত। ঘটনার দিন গত সোমবার দুপুরে ওই গৃহবধূ কেশবপুর উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। লিটন, খলিল, আলম, আতিয়ার, সাত্তারসহ আরও কয়েকজন মিলে বাড়ির কাছাকাছি পার্শ্ববর্তী রাস্তায় তাঁকে আটকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় বখাটেরা গৃহবধূর মাথার চুল কেটে আগুন ধরিয়ে দেয়। আশপাশের লোকজন এসে দ্রুত আগুন নেভানোয় গৃহবধূ রক্ষা পান। নির্যাতিতার স্বামী জানান, তিনি একজন করিমনচালক। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে ঘটনা জেনে পৌর কাউন্সিলর মনোয়ার হোসেনকে বাড়িতে ডেকে আনেন। এ সময় দুর্বৃত্তরা আবার বাড়িতে ঢুকে কাউন্সিলরের সামনে স্বামী-স্ত্রী দুজনকেই মারধর করে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে আছেন তাঁরা। নির্যাতিত গৃহবধূ জানান, ওই বখাটেরা তাঁকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এতে সাড়া না দেওয়ায় তারা ক্ষিপ্ত ছিল। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে কেশবপুর থানায় একটি মামলা করেছেন। এতে বখাটে লিটন, খলিল, আলম, আতিয়ার, সাত্তারের নাম উল্লেখ করা হয়েছে। কাউন্সিলর মনোয়ার হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা গৃহবধূর মাথার চুল কেটে নেয়। আমার সামনেই ওরা স্বামী-স্ত্রীকে মারধর করে। আমি একা থাকায় কিছু করতে পারিনি। বিষয়টি দুঃখজনক।’ থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল মৈত্র বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিরা পলাতক রয়েছে।