বখাটেদের বিচার দাবিতে বিক্ষোভ সড়ক অবরোধ
রংপুরের পীরগাছা দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটের হাতে শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে গতকাল বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এতে বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত তিন ঘণ্টা রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সব রকম যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।কলেজ সূত্রে জানা যায়, নবীনবরণ উপলক্ষে সোমবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে জাহিদুল (৪০), আজাদুল (৩৬) ও আনার মিয়াসহ (৩৪) কয়েকজন বখাটে কলেজের এক ছাত্রীকে অশালীন কথাবার্তা বলে উত্ত্যক্ত করেন। এ সময় কলেজশিক্ষক আফজাল হোসেন প্রতিবাদ করলে বখাটে যুবকেরা তাঁকে লাঞ্ছিত করেন। পরে রাতে আফজাল হোসেনসহ তিন শিক্ষককে বখাটেরা চৌধুরাণী বাজারে কিল-ঘুষি মারেন।গতকাল বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত কলেজের সামনে টানা তিন ঘণ্টা রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন কলেজের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চৌধুরাণী রেলস্টেশনে ২১-আপ পদ্মরাগ মেইল ট্রেনের চার-পাঁচটি হোসপাইপ খুলে নিলে ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল জানান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম আরিফ বাদল বাদী হয়ে গতকাল বুধবার তিন বখাটেকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।