আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
বখাটেদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে
সারা দেশে বখাটেদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার উদ্যোগে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন পালিত হয়। সনাকের আহ্বায়ক মো. জাফর ইমামের সভাপতিত্বে এবং সনাকের সদস্য শামীমা সুলতানার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তৃতা করেন সনাকের যুগ্ম আহ্বায়ক বেগম ফেরদৌসী আলী, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন ইউনিভার্সিটি খুলনা শাখার সভানেত্রী রোজী রহমান, বেগম রেহানা আক্তার, সনাকের সদস্য আজাদুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘ইভ টিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে পরিবারকে সচেতন করাসহ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নারী মা, নারী বোন—তারা সবাই আমাদের পরিবারেরই সদস্য। তাদের নিরাপদ চলাফেরার পরিবেশ আমাদেরই তৈরি করে দিতে হবে।’খাগড়াছড়ি: কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে। এ সময় বক্তৃতা করেন খাগড়াছড়ি সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান বাঁশরী মারমা, উন্নয়নকর্মী লালসা চাকমা, অনুপম চাকমা, আখতার উদ্দিন, শাপলা দেবী ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা প্রমুখ। বক্তারা সারা দেশে বখাটেদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।কিশোরগঞ্জ: ১৭টি বেসরকারি সংগঠন বিশাল শোভাযাত্রার আয়োজন করে। পোস্টার, ব্যানার, প্লাকার্ড নিয়ে ইভ টিজিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শোভাযাত্রায় যোগ দেয় অসংখ্য নারী-পুরুষ। জেলা শিল্পকলা একাডেমী থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কালীবাড়ি মোড়ে এসে শেষ হয়। সেখানে আধা কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সনাকের আহ্বায়ক মায়া ভৌমিক, মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া, প্রবীণ শিক্ষাবিদ আবদুল গণি, নারীনেত্রী খুজিস্থা বেগম প্রমুখ।ফরিদপুর: বিকেলে মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ ও সনাক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন পালিত হয়।নোয়াখালী: জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও উন্নয়ন সংগঠন এনআরডিএস মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দেড় শ প্রতিনিধি অংশ নেন। মানববন্ধন শেষে বিআরডিবি মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন মনিরুজ্জামান চৌধুরী, আবদুর রহিম, মোল্লা হাবিবুর রসুল প্রমুখ।