বখাটেদের ভয়ে অর্ধশতাধিক ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের ভয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে গতকাল বৃহস্পতিবার ছাত্রীদের অভিভাবকেরা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।স্থানীয় সূত্র জানায়, উপজেলার চারটি গ্রামের অর্ধশতাধিক ছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করে। ওই এলাকার মামুন (১৮), মঞ্জুরুল হক (১৮), আল-আমীন (২০), শরিফুল (২২), জসিম উদ্দিনসহ (২৫) একদল বখাটে বেশ কিছু দিন ধরে ওই ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছেন। গত মঙ্গলবার বখাটে আল-আমীন এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ সময় ওই ছাত্রীর বড় ভাই প্রতিবাদ করলে আল-আমীন ও অন্য বখাটেরা তাঁকে মারধর করেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে ওই চার গ্রামের ছাত্রীরা ভয়ে স্কুলে যেতে পারছে না।ওই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম আলোকে জানান, অভিযোগ পেয়ে বখাটেদের অভিভাবকদের ডাকা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।