বখাটেদের ভয়ে পড়ালেখা বন্ধের উপক্রম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি থেকে রওনা দিয়ে দুর্গম পাহাড়ি পথ মাড়িয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে কলেজে গিয়ে ছাত্রীটিকে পড়তে হয়। আশপাশে কোনো সহপাঠীও নেই। আসা-যাওয়ার পথে বেশ কিছুদিন ধরে পাশের গ্রামের দুই বখাটে যুবক তাকে উত্ত্যক্ত করছে। অভিভাবকেরা সেটি জেনে ছাত্রীটিকে লেখাপড়া বন্ধ করতে বলেছেন। কিন্তু সে লেখাপড়া করতে চায়। ঘটনাটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার। ছাত্রীর বাড়ি উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের কাসেমনগর গ্রামে। সে উপজেলা সদরে অবস্থিত নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক (একাদশ) শ্রেণীর ছাত্রী।শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে কলেজে পৌঁছে ওই ছাত্রী কেঁদে কেঁদে কয়েকজন শিক্ষকের কাছে অভিযোগ করে, পাশের জ্যোতির্বন্দ গ্রামের শিপু (২০) ও রুমেল (২২) প্রায়ই মোটরসাইকেলে করে কাসেমনগর সড়কের দিকে যায়। তারা নির্জন এলাকায় তাকে পেয়ে বিভিন্ন কুপ্রস্তাব দেয়। পরে শিক্ষকেরা বিষয়টি বড়লেখা থানার পুলিশকে জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলেজে এসে ছাত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় ওসি তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। ওই ছাত্রী প্রথম আলোকে বলে, ‘আত্মসম্মানের ভয়ে মা-বাবা ও ভাইয়েরা আমাকে আর পড়াতে চাইছেন না। আমি লেখাপড়া করতে চাই।’নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রভাষক এম এ হাসান বলেন, ‘ছাত্রীকে সান্ত্বনা দিয়ে বলেছি তাঁর অভিভাবকদের আমরা বোঝাব। এ ছাড়া বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ওসিকে অনুরোধ করা হয়েছে।’বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর ছাত্রীর অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘কলেজ থেকে ফিরে কাসেমনগর এলাকায় গিয়ে বখাটেদের সম্পর্কে কিছু খোঁজখবর নিয়েছি।’চেষ্টা করেও এ ব্যাপারে অভিযুক্ত শিপু ও রুমেলের বক্তব্য পাওয়া যায়নি।