বখাটেদের ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় বখাটেদের ভয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। মামলা হলেও পুলিশ বখাটেদের গ্রেপ্তার করছে না। উপরন্তু তারা ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ইটাকুমারী ইউনিয়নের একটি বিদ্যালয়ের ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে বিয়ের প্রস্তাব দেন বড় হায়াত খাঁ গ্রামের সোহেল রানা (২২)। এতে রাজি না হওয়ায় সোহেল ও তাঁর বন্ধু শাহাবুল ইসলাম ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন। এ ব্যাপারে ছাত্রীর মা-বাবা গত ১৬ জুন প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। প্রধান শিক্ষক সোহেল রানা ও তাঁর বাবাকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তাঁরা ভুল স্বীকার করেন। সোহেল রানা ভবিষ্যতে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করবেন না বলে লিখিত অঙ্গীকার করেন।গত ২৯ জুন রাতে সোহেলসহ চারজন ওই ছাত্রীর শয়নকক্ষে ঢুকে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা পীরগাছা থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।সোহেলের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। তাঁর বাবা মবিজল জানান, তাঁর ছেলে পলাতক আছেন।পীরগাছা থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।