বখাটেদের মারধরে ছাত্রীর মা-বাবা ও ভাই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির প্রতিবাদ করায় বখাটেরা এক ছাত্রীর মা, বাবা ও ভাইকে মারধর করে গুরুতর আহত করেছে। গত শনিবার নাটোর মাদ্রাসা মোড়ের বিআরটিসি বাস কাউন্টারে এই ঘটনা ঘটে। নাটোর থানা ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাজশাহী যাওয়ার জন্য রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের তিন ছাত্রী নাটোর মাদ্রাসা মোড়ে বিআরটিসি কাউন্টারে অপেক্ষা করছিলেন। এ সময় কাউন্টারে থাকা তিন বখাটে প্রথমে তাদের উদ্দেশ্যে নানা কটূক্তি করে। পরে এক ছাত্রীর ওড়না কেড়ে নিয়ে যৌন হয়রানি করে। অপর দুই ছাত্রী এ ঘটনার প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। তারা কাপড়চোপড় ধরে টানাটানি করে ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ঘটনার খবর পেয়ে প্রথম নির্যাতনের শিকার ছাত্রীর মা, বাবা ও ভাই (কাউন্টার-সংলগ্ন মহল্লায় তাদের বাসা) ছুটে এসে ঘটনার প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের বেদম মারধর করে। তারা মেয়ের মাকে বিবস্ত্র করার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন জড়ো হলে বখাটেরা সটকে পড়ে। পরে গুরুতর আহত দুজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মেয়েদের একজনের বাবা এ ব্যাপারে অভিযোগ করেছেন। বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।’