শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলায় চাঁপা রানীর বাড়িতে এসেছিলেন। ফরিদপুর চিনিকলের টাইপিস্ট-কাম-করণিক চাঁপা রানী তাঁর স্কুলছাত্রী মেয়েকে উত্ত্যক্তকারী দেবাশীষ সাহার হাতে নিহত হয়েছেন। মন্ত্রী বলেন, ‘এরা কেবল ছাত্রীদের উত্ত্যক্তকারীই নয়, এরা বখাটে ও সন্ত্রাসী। এদের মুক্ত পরিবেশে থাকতে দেব না।’এদিকে গতকাল সকালে ফরিদপুর চিনিকল গেটে চাঁপা রানীর হত্যার প্রতিবাদে এক শোকসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবদুর রহমান। হত্যার ঘটনায় রনির আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা হলো ছয়। চাঁপা রানীর বাড়িতে শিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বেলা পৌনে ১১টায় চাঁপা রানীর বাড়িতে আসেন। তিনি চাঁপা রানীর স্বামী স্বপন কুমার বিশ্বাস ও তাঁর চার মেয়েকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সান্ত্বনা ও সমবেদনা জানিয়ে বলেন, ‘এ ঘটনার সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে আমরা আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে চাই।’মেয়েরা বখাটেদের ভয়ে ঘরে বসে থাকলে দেশের অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘মেয়েদের সাহসী হতে হবে। পাশাপাশি আমার মেয়েদের জীবন যারা নষ্ট করছে, তাদের কোনো অবস্থায়ই স্বাভাবিক জীবন যাপন করতে দেওয়া হবে না।’শিক্ষামন্ত্রী উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে বলেন, প্রত্যেক স্কুলে ইভ টিজিং প্রতিরোধে কমিটি করা হয়েছে। এই কমিটি আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এলাকার ইভ টিজার ও বখাটেদের তালিকা করতে হবে। তাদের শায়েস্তা করার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এতেও সুপথে না এলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। তিনি মধুখালীতে ইভ টিজারদের যে ১৪টি ঘাঁটির কথা পত্রিকায় লেখা হয়েছে, তা গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। তিনি কাল সোমবার নাটোরে যাবেন ইভ টিজারের হাতে নিহত শিক্ষক মিজানুর রহমানের পরিবারের সদস্যদের দেখতে।শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক নোমান উর রশীদ। তিনি গতকাল ঢাকা থেকে সরাসরি চাঁপা রানীর বাড়িতে আসেন। এরপর তিনি ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। এই স্কুলেই চাঁপা রানীর দুই যমজ মেয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করে। এরপর তিনি মধুখালী চিনিকলে যান। এখানে ১৯৮১ সাল থেকে চাঁপা রানী কাজ করছেন।শোকসভা: গতকাল ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়ন সকাল নয়টায় চিনিকল গেটে শোকসভার আয়োজন করে। সভায় চিনিকলের শ্রমিক-কর্মচারী ছাড়াও এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত হন। শ্রমজীবী ইউনিয়নের সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁপা রানীর স্বামী স্বপন কুমার বিশ্বাস, চিনিকলের বাণিজ্যিক সহকারী সেলিমুজ্জামান, শ্রমজীবী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাসার প্রমুখ। সীমান্তে সতর্কতা: রনি যেন পালিয়ে দেশের বাইরে চলে যেতে না পারে, সে জন্য বিডিআরকে সতর্ক করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গত শুক্রবার এ নির্দেশ দিয়েছেন। স্থানীয় সাংসদকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন বলে তিনি জানান।শোকসন্তপ্ত নমস্কার: শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে চাঁপা রানীর স্বামী স্বপন কুমার বিশ্বাস শুরুতেই উপস্থিতিদের উদ্দেশে, ‘আমার শোকসন্তপ্ত নমস্কার গ্রহণ করুন।’ তিনি বলেন, ‘চাঁপা রানীকে যখন হত্যা করা হয়, আমি তখন তার পাশেই ছিলাম। কিন্তু আমি তাকে রক্ষা করতে পারিনি।’ এরপর তিনি তাঁর স্কুলপড়ুয়া দুই মেয়েকে দীর্ঘদিন ধরে কীভাবে উত্ত্যক্ত করা হয়েছে তার বর্ণনা দেন।শোকসভায় চাঁপা রানীর স্বামী ফরিদপুর চিনিকল কর্তৃপক্ষের উদ্দেশে একটি আবেদন জানান। তিনি বলেন, ‘আমার বড় মেয়ে বাক্প্রতিবন্ধী। চাঁপা মারা যাওয়ায় আমার পরিবারের আয়ও কমে গেছে। যদি চিনিকল কর্তৃপক্ষ বিপ্লবের একটা ছোটখাটো চাকরির ব্যবস্থা করে দেয়, তবে এই পরিবারের অভাব দূর হবে, আর আমার বাক্প্রতিবন্ধী মেয়েটিরও মুখে ভাত জুটবে।’মানববন্ধন: মধুখালী উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল সকাল নয়টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় চাঁপা রানী হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রিমান্ড চেয়ে আবেদন: চাঁপা রানী হত্যা মামলায় মধুখালী পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন রনির কাকা গোপাল সাহা (৫৮), বন্ধু শোভন ভট্টাচার্য (২৩), শ্যামল সাহা (২১), সাইফুল ইসলাম (২০), মো. আবুল হাসান (২২) ও জয়দেব রায় (৩৬)। জয়দেব রায়কে গতকাল ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া এই ছয়জনকে গতকাল শনিবার দুপুরে পাঁচ দিন করে রিমান্ড চেয়ে ফরিদপুর জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।নতুন কর্মসূচি: চাঁপা রানী হত্যার ঘটনায় চিনিকল শ্রমজীবী ইউনিয়নের তিন দিনের শোক কর্মসূচি গতকাল শনিবার শোকসভার মধ্য দিয়ে শেষ হয়েছে। শোকসভায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, আগামী শনিবারের মধ্যে ঘাতক রনিকে গ্রেপ্তার না করা হলে শনিবার সকাল নয়টায় এই মিলগেটে মানববন্ধন কর্মসূচি পালনের মাধ্যমে নতুন করে জোরালো কর্মসূচি শুরু হবে।