বখাটেদের রুখতে মেয়েদের পাশে পুরুষেরা
বখাটেদের উৎপাত বন্ধ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপদ যাতায়াতের দাবিতে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের সর্বস্তরের মানুষ ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার সকালে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শতাধিক নারীও অংশ নেন। পরে একই দাবিতে সেখানে সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গোবরা গ্রামের হাটখোলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চৈত্রসংক্রান্তির মেলায় মেয়েদের উত্ত্যক্ত করে পার্শ্ববর্তী সোনাকুর গ্রামের কয়েকজন বখাটে। এ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়। এ ঘটনার জের ধরে সোনাকুর গ্রামের ওপর দিয়ে গোবরা গ্রামের মানুষ চলাচল করতে পারছে না।মানববন্ধনে অংশ নেওয়া কয়েক ছাত্রী বলে, স্কুল-কলেজে যাওয়া-আসার সময় বখাটেরা ভ্যান থামিয়ে জোর করে ছাত্রীদের সঙ্গে কথা বলে। মোটরসাইকেল চালিয়ে স্কুল-কলেজের গেট পর্যন্ত আসে এবং আজেবাজে কথা বলে। অভিভাবক পিলু চৌধুরী (৪৫) ও আঞ্জুয়ারা বেগম (৬৫) বলেন, বাড়ির সামনে নদীর ঘাটে সোনাকুরের বখাটেরা গোসলের নামে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। তাদের কেউ কেউ নেশা করে, মোটরসাইকেলে চক্কর মারে। গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির আহম্মেদ চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান আরিফুজ্জামান বলেন, বখাটেদের উৎপাত চরম আকার ধারণ করেছে।অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান সরদার বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংঘর্ষের পর থেকে ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছে। এরই মধ্যে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।