বখাটেদের রুখতে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের পথে বা অন্য কোনোভাবে মেয়েদের উত্ত্যক্তকারী বখাটেদের রুখতে শিক্ষা মন্ত্রণালয় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে সেমিনার, শোভাযাত্রা, গণমাধ্যমসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, সমাবেশ, প্রচারপত্র ছাপানোসহ বিভিন্ন কর্মসূচি।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ টেলিফোনে প্রথম আলোকে জানান, শিক্ষা মন্ত্রণালয় বখাটেদের রুখতে ও সমাজে সচেতনতা গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। বখাটেদের জন্য কিছু ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি কেউ কেউ আত্মহৎযা করতে বাধ্য হচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যাবে না।শিক্ষামন্ত্রী বখাটেপনাকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এর বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৪ মে বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও মালিকদের সঙ্গে মতবিনিময় কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ৯ মে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বেলা ১১টায় এ বিষয়ে জাতীয় সেমিনারের আয়োজন করবে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া ১৬ মে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে বখাটেদের উৎপাত প্রতিরোধ বিষয়ে এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, মো. আখতারুজ্জামান, মনোবিজ্ঞানী মেহতাব খানম, নারীনেত্রী সালমা আলী, শিরীন আখতার, সীমা মোসলেম প্রমুখ উপস্থিত ছিলেন।