লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টায় জড়িত বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকেরা আজ মঙ্গলবার ওই ঘটনার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেবেন।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়। একই রকম অবস্থার শিকার হয় বামনী উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী।বখাটেদের শাস্তি নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী গ্রামের সোহেল ওরফে রাজু (১৮)। কিন্তু মেয়েটি তাতে সাড়া দেয়নি। এ অবস্থায় ৮ জুন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি ঘর থেকে বের হলে ওত পেতে থাকা সোহেল তার সহযোগীদের নিয়ে মেয়েটির শ্লীলতাহানি ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন।