বখাটেদের হাতে শিক্ষক প্রহূত, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগরে ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে বৃহস্পতিবার স্থানীয় করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহিয়া খান (৫৫) প্রহূত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলো করতোয়া বিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক এনামুল হক, একই বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্র মফিজুল ইসলাম ও আবদুল গাফ্ফার। তাদের শুক্রবার চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক চাকরিতে থাকা অবস্থায় বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রেম নিবেদনসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন। অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদ পাঁচ মাস আগে তাঁকে চাকরিচ্যুত করে। এ ছাড়া দশম শ্রেণীর ছাত্র গাফ্ফার ও মফিজুলের বিরুদ্ধে বিভিন্ন সময় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ ছিল। গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের ফটকের সামনে তারা ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। শিক্ষক এহিয়া খান প্রতিবাদ করলে বহিষ্কৃত শিক্ষক এনামুল হক এবং গাফ্ফার ও মফিজুল তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় প্রধান শিক্ষক তৌফিকুর রহমান থানায় মামলা করেন।