বখাটেদের হামলায় আহত ৬ গাড়িচালক, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের কালাঘাটা নতুন ব্রিজ এলাকায় গত বৃহস্পতিবার রাত ১১টায় বখাটেদের হামলায় ছয়জন গাড়িচালক আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত গাড়িচালকদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীর পারিবারিক গাড়িচালক মং নু চিং মারমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের গাড়িচালক চ প্রু অং মারমা, রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়িচালক শৈ চা উ মারমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার গাড়িচালক উশৈসিং মারমা, জেলা সিভিল সার্জনের গাড়িচালক অংথুইচিং মারমা এবং চাঁদের গাড়িচালক অংক্যচিং মারমা। তাঁদের মধ্যে চ প্রু অং এবং শৈ চা উকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গাড়িচালক অংথুইচিং মারমা বলেন, বৃহস্পতিবার রাতে পরিচিত আরেক গাড়িচালকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা ছয়জন একটি গাড়ি নিয়ে রোয়াংছড়ি যান। অনুষ্ঠান শেষে জেলা শহরে ফেরার পথে রাত ১১টার দিকে বখাটে দলের আক্রমণের শিকার হন তাঁরা। বখাটেরা নতুন ব্রিজ এলাকায় তাঁদের গতি রোধ করে। জোর করে তাঁদের গাড়ি থেকে নামানো হয়। এ সময় বখাটেরা উসকানিমূলক স্লোগান দেয়। পরে পাশের একটি চায়ের দোকান ও লোহা ঝালাইয়ের দোকান থেকে লাঠিসোঁটা বের করে তাঁদের এলোপাতাড়ি মারধর করতে থাকে বখাটেরা।
বান্দরবান-রোয়াংছড়ি সড়কের নতুন ব্রিজ এলাকায় ওই বখাটে দলটি ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান। তাঁরা বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স পরিচয় দিয়ে মোহাম্মদ শিহাব নামের এক যুবক ওই বখাটে দলের নেতৃত্ব দেন।
অবশ্য বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আপ্পেলা রাজু নাহা বলেন, শিহাব নামে তাঁদের কোনো সোর্স নেই।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, হামলার ঘটনা জানার সঙ্গে সঙ্গে তাঁরা নতুন ব্রিজ এলাকায় গিয়ে আহত চালকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনের বিরুদ্ধে একজন চালক বাদী হয়ে গতকাল শুক্রবার মামলা করেছেন। এ ঘটনায় বেলাল হোসেন (২৭) ও জাহাঙ্গীর (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) জায়েদ নুর বলেন, নতুন ব্রিজ এলাকায় বখাটেদের উৎপাতের বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলার আসামি মোহাম্মদ শিহাবসহ অন্যদের গ্রেপ্তার করা হবে।