বখাটেদের হামলায় এক ভাই নিহত অন্যজন আহত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকায় গত শনিবার রাতে সন্ত্রাসীদের হামলায় আক্তার হোসেন (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর ভাই সাগর হোসেন (৩০)। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন আবু সালেহ (২৫) ও রিপন (৪০)। শনিবার রাতেই ঢাকা মেডিকেলের কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, এদের মধ্যে আবু সালেহ এজাহারভুক্ত আসামি। আর রিপনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নিহত আক্তার হোসেনের এক বোনকে উত্ত্যক্ত করেন প্রতিবেশী বখাটে যুবক রিগান। তাঁর বোন বিষয়টি পরিবারকে জানায়। এরপর শনিবার সন্ধ্যায় আক্তার হোসেন ও সাগর হোসেনসহ ১০-১২ জন রিগান ও তাঁর সঙ্গীদের মারধর করেন। এতে তাঁদের কয়েকজন আহত হন। এ ঘটনার পরপরই রিগান ও তাঁর সহযোগী সায়েমসহ কয়েকজন মিলে আক্তার হোসেন ও সাগর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ দুই ভাইকে উদ্ধার করে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। দুজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আক্তার হোসেন সেখানে মারা যান। সাগর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।পুলিশ জানায়, নিহত আক্তার হোসেন শ্রীনগর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে চাকরি করতেন। তাঁর বাবার নাম আমজাদ হোসেন। তাঁদের পৈতৃক বাড়ি শ্রীনগরে হলেও ঢাকায় বসবাস করেন।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহত আক্তার হোসেনের চাচা আবদুর রহিম বাদী হয়ে সায়েম ও রিগানসহ ১৮ জনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।