বখাটেদের হামলায় তিন ছাত্রী আহত
চাঁদপুরে গতকাল সোমবার এক কলেজছাত্রীকে (১৭) অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। এর আগের দিন রোববার পিরোজপুরে ছুরিকাঘাতে অপর এক কলেজছাত্রী (১৬) এবং মুন্সিগঞ্জে বখাটের মারধরে এক মাদ্রাসাছাত্রী আহত হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুরের ফরিদগঞ্জের ভাটিরগাঁও এলাকায় গতকাল সকালে এক কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা ও পরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত ছাত্রী একটি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের পড়ে।
ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়ে সকালে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে কলেজে যাচ্ছিল। পথে ভাটিরগাঁও ব্রিজের কাছে অটোরিকশাটি বিকল হলে সে পায়ে হেঁটে রওনা দেয়। এ সময় পেছন থেকে একটি প্রাইভেট কার এসে তার পথরোধ করে এবং গাড়ি থেকে নেমে তিন যুবক ধারালো অস্ত্র দেখিয়ে তাকে অপহরণের চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আঘাত গুরুতর না হওয়ায় লোকজন প্রাথমিক চিকিৎসার পর তাকে কলেজে পৌঁছে দেন।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মোল্লা জানান, এ ঘটনায় মেয়েটি ইকবাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করেছেন।
পিরোজপুরে ছুরিকাঘাত: আহত কলেজছাত্রীর বাড়ি পিরোজপুর সদর উপজেলায়। সে একাদশ শ্রেণির ছাত্রী। রোববার তাকে ছুরিকাঘাতের ঘটনায় ওই দিন রাতে সজল মাহামুদসহ (২৭) অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন তার বাবা।
ছাত্রীর পরিবার জানায়, রোববার বিকেল তিনটার দিকে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফিরছিল। এ সময় তিন যুবক মোটরসাইকেলে এসে পথরোধ করে তাকে চড়-থাপ্পড় মারে ও ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে মেয়েটির ডান হাত জখম হয়েছে। মেয়েটির বাবা অভিযোগ করেন, তেজদাসকাঠী এলাকার সজল মাহামুদ তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। তিনি তার সহযোগীদের দিয়ে এ হামলা চালিয়েছেন। তবে সজল মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মেয়েটিকে আমি চিনি না। আমার পরিবারের সঙ্গে মেয়েটির খালুর বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে আমাকে হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’
পিরোজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস বলেন, খবর পেয়ে মেয়েটির পরিবারকে ডেকে মামলা নেওয়া হয়েছে।
মারধরে আহত মাদ্রাসাছাত্রী: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় দাখিল পরীক্ষার্থী এক ছাত্রীকে রোববার বিকেলে পিটিয়ে গুরুতর আহত করেছে এক বখাটে। তাকে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাত্রীর বাবার অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলার বড় নওপাড়া গ্রামের বখাটে মাসুদ মীর তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। রোববার বিকেলে মাদ্রাসা ছুটির পর তাঁর মেয়ে যখন বাড়ি ফিরছিল, তখন মশদগাঁও গ্রামের জেলেপাড়ায় পথরোধ করে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে মাসুদ। এতে বাধা দিলে একপর্যায়ে মেয়েটিকে মারধর করে সে। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাসুদ পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে তাকে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লৌহজং থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, রোববার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।