বখাটেদের হামলায় দুই স্কুলশিক্ষক ও সাত শিক্ষার্থী আহত
ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে গতকাল সোমবার দুপুরে ঢাকার ধামরাইয়ে বখাটেদের হামলায় দুই স্কুলশিক্ষক ও সাত শিক্ষার্থী আহত হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় মামলা হয়েছে। ধামরাই থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ধামরাই পৌর এলাকার আব্দুস সোবাহান মডেল হাইস্কুলের সামনে বসে মেয়েদের উত্ত্যক্ত করছিল মিশুক, রবিন, আকতার, সেলিম, ফরিদ, রনিসহ কয়েকজন বখাটে যুবক। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে। শিক্ষার্থীরা ধাওয়া করে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকার কাছাকাছি গেলে বখাটেরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বখাটেদের ছোড়া ইটের আঘাতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও মামুন-অর-রশীদ তালুকদার এবং শিক্ষার্থী রকিব, আল-আমিন, হাবিবুর রহমান, রিপন, সোহেল, ফারুক ও শাহাব উদ্দিন আহত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, প্রায় প্রতিদিনই স্কুলে যাওয়া-আসার পথে মেয়েদের উত্ত্যক্ত করে থাকে বখাটেরা। অনেকটা অসহ্য হয়েই শিক্ষার্থীরা গতকাল বখাটেদের ধাওয়া করে।