বখাটেদের হামলায় ১৫ বরযাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার চর দিয়াসুর গ্রামে বখাটেদের হামলায় বরসহ ১৫ বরযাত্রী আহত হয়েছে। গত শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। বখাটেরা বরযাত্রীদের কাছে মিষ্টি খাওয়ার টাকা চেয়ে চাহিদামতো তা না পাওয়ায় এ কাণ্ড ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার বার্থী গ্রামের আনোয়ার শিকদারের (২৬) সঙ্গে চর দিয়াসুর গ্রামের দিনমজুর মো. মন্নাত হাওলাদের মেয়ে আরজু বেগমের (১৮) বিয়ে হয়। বিয়ে শেষে ৪০ জন বরযাত্রীর বহরটি নববধূকে নিয়ে রওনা দেয়। বরযাত্রীবাহী টেম্পো দুটি চর দিয়াসুরের খান ব্রিকসের কাছে পৌঁছালে আমিন ও দুলালের নেতৃত্বে আট থেকে ১০ জন বখাটে রাস্তায় ব্যারিকেট দিয়ে তাদের গতিরোধ করে। তারা বরপক্ষের কাছে মিষ্টি খাওয়ার টাকা দাবি করে। এ বাবদ ৫০ টাকা দেওয়া হলে তা মনঃপূত না হওয়ায় বখাটেরা বরযাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় বর আনোয়ার শিকদার (২৬), বরযাত্রী হাবিব সরদার (৩২), মনির মোল্লা (২২), সেন্টু সরদারসহ (২৭) ১৫ জন আহত হয়। হামলায় দিশেহারা হয়ে বরযাত্রীরা নববধূকে ফেলে দৌড়ে পালায়। ক্ষিপ্ত বখাটেরা তখন বরযাত্রী বহনকারী টেম্পো ভাঙচুর করে। পরে রাত সাড়ে ১১টায় পুলিশের সহায়তায় নববধূকে বরের বাড়িতে পৌঁছে দেয়া হয়। এ ঘটনায় বরের মামা আ. মালেক সরদার ১০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ বখাটে কালাম প্যাদাকে (২৫) গ্রেফতার করেছে।