বখাটেদের হুমকিতে ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ
কুড়িগ্রামের রাজীবপুরে বখাটেদের হুমকির মুখে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী পাঁচ দিন ধরে মাদ্রাসায় যেতে পারছে না। এ বিষয়ে গত রোববার ওই ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাদ্রাসায় যাওয়া-আসার পথে চরসাজাই মণ্ডলপাড়া গ্রামের জহুরুল ইসলাম, তাঁর বন্ধু রুহুল আমীন, বিপ্লব ও হাফিজুর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ নিয়ে কয়েকবার সালিস বৈঠক হয়। গত শনিবার বেলা ১১টার দিকে বখাটেরা ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে তুলে আনার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।
ওই ছাত্রী বলে, ‘ওরা আমাকে তুইলা নিয়া নষ্ট করার হুমকি দিয়েছে। এ কারণে মাদ্রাসায় যাই না।’ মেয়ের দিনমজুর বাবা বলেন, ‘আমরা গরিব মানুষ, কামলা বেইচা খাই। অনেক আশা আছিল, মাইয়াডাকে লেহাপড়া করামু। কিন্তু অরা তা করবার দিব না।’ গ্রামের মাতব্বর আবুবক্কর সিদ্দিক জানান, কয়েকবার বিচার করা হয়েছে। কিন্তু ছেলেগুলো ভালো হবে না। জহুরুল ইসলামের বাবা বাহাদুর মিয়া বলেন, ‘আমার ছেলে খারাপ কিছু করে না। মেয়েটাকে পছন্দ করছে। বিয়া করবার চায়। কিন্তু তাঁরা আমার ছেলের সঙ্গে তাঁদের মেয়েকে বিয়ে দেবে না।’
রাজীবপুর থানার ওসি রাশেদুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত করে অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হবে।