বখাটেপনা (ইভ টিজিং) প্রতিরোধে সবাই এগিয়ে আসার অঙ্গীকার নিয়ে চাঁদপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সিডিএম জাতীয় বিতর্ক উৎসব’। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় উৎসবের প্রথম দিনে চাঁদপুর ক্লাব মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাড়ে সাত শতাধিক বিতার্কিক অংশ নেন। শোভাযাত্রা শেষে চাঁদপুর ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নিহত নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরের চাঁপা রানী ভৌমিকের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুন নূর তুষার বলেন, ‘টাকা-পয়সা নয়, একটি জাতি সভ্য হয় তার আচরণে। যে দেশে ভাইয়ের কাছে বোন আশ্রয় পায় না, সে দেশে ছেলেদের বেঁচে থাকা নিরর্থক। তাদের মাথা নিচু করে হাঁটা উচিত। ইভ টিজিং প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’‘যুক্তির তরী এবার মেঘনায়, পৌঁছবই বিজয়ের মোহনায়’ স্লোগান সামনে নিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে জেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও দেশের ২৬টি জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠন অংশ নিয়েছে।উৎসবের প্রধান উপদেষ্টা ইকবাল-বিন-বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেলায়েত হোসেন, কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স (ফিন্যান্স) মোতাহার হোসাইন, ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের মহাপরিচালক খন্দকার আবু তাহের, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র দে, উৎসব কমিটির চেয়ারম্যান ইবনে আজম সাব্বির প্রমুখ।