বখাটেপনা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুটিন অনুযায়ী ক্লাসের নিশ্চয়তা ও কলেজ চত্বরে বখাটেদের উৎপাত বন্ধসহ কয়েক দফা দাবিতে গতকাল বুধবার সকালে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কলেজে শিক্ষকের ৫১টি পদের মধ্যে ৩৩টিই শূন্য। গণিত, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং—এ চারটি বিষয়ের কোনো শিক্ষক নেই। কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, কলেজে ব্যবহারিক ক্লাস একেবারেই হয় না। পদার্থবিদ্যা, রসায়ন শাস্ত্র ও উদ্ভিদবিদ্যা বিষয়ে প্রদর্শক নেই। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা জানান, শুধু মার্কেটিং বিষয়ের মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে বাণিজ্য বিভাগ। উপাধ্যক্ষ মো. ফিরোজ মোল্লা বলেন, ‘শিক্ষক ও কর্মচারী-সংকটের কারণে পাঠদান ও দাপ্তরিক কাজ চালাতে মারাত্মক সমস্যা হচ্ছে।’ অধ্যক্ষ আবদুস সোবহান প্রামাণিক বলেন, ‘বখাটেদের উৎপাত বন্ধের জন্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উত্থাপন করা হয়েছে। কলেজের পক্ষ থেকেও একটি পর্যবেক্ষণ দল তৈরি করা হয়েছে। আর শিক্ষক-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসে লিখিতভাবে অবহিত করা হয়।’