বখাটেপনার দায়ে যুবলীগ নেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক নারী ট্রেনযাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত যুবলীগের এক নেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ জরিমানা করেছেন। জয়পুরহাটের ক্ষেতলালে স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে গত বৃহস্পতিবার এক বখাটেকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জামালপুর রেলস্টেশনের প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা এক নারীযাত্রীকে জোরপূর্বক তাঁর আসন থেকে উঠিয়ে দেন জামালপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রেজা (২২)। তখন ওই নারী তাঁকে ধমক দিলে তিনি তাঁর গায়ে হাত দেন এবং অশ্লীল উক্তি করেন। এ সময় স্থানীয় লোকজন রেজাকে আটক করে জিআরপি থানায় সোপর্দ করেন। ওই মহিলা এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে গতকাল শনিবার সকালে জিআরপি থানায় ভ্রাম্যমাণ আদালত বসে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী ওই নারীকে উত্ত্যক্ত করার দায়ে রেজাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁকে ওই দিনই জেলা কারাগারে পাঠানো হয়েছে।ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীমকে (১৬) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন মিঞা গত বৃহস্পতিবার তাকে এ দণ্ড দেন। ২১ ফেব্রুয়ারি ওই ছাত্রী শামীমদের বাড়িতে বরই কুড়াতে গেলে সে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে।