বখাটেপনার প্রতিবাদ করায় কলেজছাত্রীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ চত্বর। মাঠে আড্ডায় ব্যস্ত কলেজের দ্বিতীয় বর্ষের একদল ছাত্রী। এ সময় স্থানীয় এক তরুণ হিন্দি ছবির গান গাইতে গাইতে চলে আসে সে আড্ডায়। এসেই আপত্তিকর কথা বলতে শুরু করে। বখাটের এই অশালীন আচরণে এক ছাত্রী প্রতিবাদ করে বসে। এতে ওই বখাটে ওই ছাত্রীকে মারধর শুরু করে। ঘটনাটি গত শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ডিগ্রি কলেজে ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, স্থানীয় সাগর (২২) দীর্ঘদিন ধরে তার বখাটে সঙ্গীদের নিয়ে ওই কলেজ চত্বরে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। শনিবার দুপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করতে কলেজ চত্বরে গেলে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তার অশালীন আচরণের প্রতিবাদ করে। এতে সে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে বেধড়ক মারধর করে সে। এ ঘটনায় ওই ছাত্রী আহত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। ঘটনার পর কলেজ অধ্যক্ষ স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। ওই ছাত্রীর এক বান্ধবী জানায়, বখাটে সাগর প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করে। সাগরের পরিবার প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করত না। ওই ছাত্রীর মা বলেন, ‘এ ঘটনার পর আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। সে কলেজে যেতে ভয় পাচ্ছে।’ সালন্দর কলেজের অধ্যক্ষ ইব্রাহীম আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছেলেমেয়ের অভিভাবক পর্যায়ে বিষয়টি আপস করার চেষ্টা চলছে।’ ছাত্রীর বড় ভাই বলেন, ‘বিষয়টি আপসের জন্য অধ্যক্ষ আগামী বুধবার একটি সালিসি বৈঠক ডেকেছেন।’