বখাটেপনার প্রতিবাদ করায় ছাত্রাবাসে ঢুকে হামলা
চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসার দুটি ছাত্রাবাসে গত শুক্রবার রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে ১০ ছাত্র আহত হয়েছে। আহতের মধ্যে দশম শ্রেণীর মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান এবং নবম শ্রেণীর আবু বক্করকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িতদের বিচারের দাবিতে গতকাল সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ প্রদর্শন করেছে এবং অধ্যক্ষের কক্ষসহ মাদ্রাসার কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। একই সঙ্গে তারা মাদ্রাসা অধ্যক্ষকে অপসারণ, হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে লাগাতার ছাত্র ধর্মঘট শুরু করেছে। ওই মাদ্রাসার ছাত্র হজরত আলী ও নূরুল ইসলাম জানায়, শুক্রবচার রাতেই মাদ্রাসার ছাত্র ও স্থানীয় লোকজন এক তরুণকে ধরে থানায় সোপর্দ করে। কিন্তু কিছুক্ষণ পরই মাদ্রাসা পরিচালনা পর্ষদের দুই সদস্য আবুল কালাম আজাদ ও আল-আমিন পুলিশের কাছ থেকে তরুণকে ছাড়িয়ে আনেন। এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, ‘বাকি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে সহায়তা করার শর্তে তরুণকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনা হয়েছে।’হাসপাতালে চিকিৎসাধীন মোস্তাফিজুর রহমান জানায়, নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাদের ওপর এই হামলা হয়েছে। বিক্ষুব্ধ ছাত্ররা জানায়, হামলার বিষয়টি রাতেই ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম ও সকালে অধ্যক্ষ আবদুল জলিল হাওলাদারকে জানানোর পরও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।মো. তরুণ ও অধ্যক্ষ আবদুল জলিল হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম জানান, ছাত্ররা হামলাকারীদের শাস্তি এবং নিজেদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর চৌধুরী জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং পুলিশ কাউকে গ্রেপ্তার করে ছেড়েও দেয়নি।