বখাটেপনার প্রতিবাদ করায় জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামে বখাটে যুবকেরা দুই স্কুলছাত্রীকে গত বৃহস্পতিবার উত্ত্যক্ত করেছিল। এর প্রতিবাদ করে এক ছাত্রীর চাচাতো ভাই। এতে ক্ষিপ্ত হয়ে যুবলীগের এক নেতার নেতৃত্বে এক স্কুলছাত্রীর বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে পুলিশের সদস্যসহ ১৫ জন আহত হয়েছে।স্কুলছাত্রীর পক্ষের আহত লোকজন চিকিৎসা নিতে গেলে যুবলীগের নেতা-সমর্থকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে জরুরি বিভাগসহ পাঁচটি কক্ষের দরজা-জানালা ও আসবাব ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার পুলিশ উভয় পক্ষের ছয়জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিয়াশুর গ্রামের তোতা আকনের মেয়ে, পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তামান্না আক্তার ও তার ভাগনি মনি আক্তার বাড়ির পাশে একটি দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় জুস কিনতে যায়। এ সময় গৌরনদী পৌর যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক টুকু মল্লিকের ছেলে আরিফ মল্লিক ও তাঁর সহযোগী জুয়েল মল্লিক তাদের উত্ত্যক্ত করেন। খবর পেয়ে তামান্নার চাচাতো ভাই তুষার ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করেন। এ নিয়ে তুষারের সঙ্গে আরিফ ও জুয়েলের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে রাত ১০টার দিকে টুকু মল্লিক ও তাঁর সহযোগীরা তামান্নার বাবা তোতা আকনকে কুপিয়ে জখম করেন। এ নিয়ে রাত ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তোতা আকনের চাচা রশিদ আকন, আত্মীয় মো. খলিলুর রহমান, রহিম আকন, টিপু আকন ও জুয়েল আকন; প্রতিপক্ষ জহুর আলী খান, আফরোজা বেগম, কবির খান, আবেদ মল্লিকসহ ১৩ জন আহত হয়। রাত পৌনে ১২টায় চিকিৎসা দেওয়ার অভিযোগে যুবলীগের নেতা টুকু মল্লিকের নেতৃত্বে হাসপাতালে হামলা চালানো হয়। এ সময় জরুরি বিভাগসহ চিকিৎসকদের পাঁচটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়। এ সময় বাধা দিলে গৌরনদী থানার উপপরিদর্শক সরোয়ার আলম ও কনস্টেবল আলতাফ হোসেনের ওপর হামলা চালিয়ে তাঁদের আহত করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিখিল চন্দ্র সরকার হাসপাতালে হামলা ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেন। তবে হামলাকারীদের তিনি চিনতে পারেননি। টুকু মল্লিক উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে তোতা আকনের ওপর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রতিপক্ষ মিথ্যা অজুহাত দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।’গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ ঘটনায় উভয় পক্ষ দুটি মামলা করেছে। পুলিশ উভয় পক্ষের খলিলুর রহমান, আবদুর রশিদ, আবদুর রব, মোজাম্মেল হোসেন, জুয়েল ও তোতা আকনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।