বখাটেপনার প্রতিবাদ করায় তরুণকে মারধর
পাবনার চাটমোহরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানালে বখাটেরা বিধান মাহতো (১৮) নামের এক আদিবাসী যুবককে পিটিয়ে আহত করেছে। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায়। আহত বিধান মাহতো উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের হিমচন্দ্র মাহতোর ছেলে।চিকিৎসাধীন বিধান মাহতো জানান, পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার নওগাঁ বাজারের আনন্দ হলদার (২৬), নিরঞ্জন হালদার (২৩) ও মিঠুন (২০) বেশ কিছুদিন ধরে করতকান্দি উচ্চবিদ্যালয়ে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বোরবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করতে গেলে বিধান তাদের বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাঁকে বেধড়ক পিটাতে শুরু করে। এ সময় বিধানের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে এলাকবাসী তাঁকে হাসপাতালে ভর্তি করে।হান্ডিয়াল ইউনিয়নের আদিবাসীদের সভাপতি রামপ্রসাদ মাহতো বলেন, স্থানীয় প্রধানেরা ঘটনাটির সমাধান করবেন বলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।