রংপুরের পীরগাছায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা শিক্ষককে লাঞ্ছিত ও কলেজের আসবাবপত্র ভাঙচুর করেছে। গত সোমবার রংপুরের পীরগাছা উপজেলার দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজে সংঘটিত এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।এলাকাবাসী ও কলেজের শিক্ষকেরা জানান, কলেজের বর্ষপূর্তি ও নবীনবরণ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনু্ষ্ঠান চলাকালে জাহিদুল, আজাদুল ও আনার মিয়াসহ কয়েকজন বখাটে এক ছাত্রীকে অশালীন কথাবার্তা বলে উত্ত্যক্ত করে। এ সময় শিক্ষক আফজাল হোসেন প্রতিবাদ করলে বখাটেরা কলেজ চত্বরে তাঁকে লাঞ্ছিত ও দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। রাতে অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষক আফজাল হোসেন, এমদাদ হোসেন ও আমিনুল ইসলাম একসঙ্গে বাড়ি ফেরার জন্য কলেজ থেকে বের হন। তাঁরা চৌধুরাণী বাজারে এসে রমজান আলীর দোকানে চা খাওয়ার জন্য বসেন। এ সময় বখাটেরা তাঁদের জামার কলার ধরে টেনেহেঁচড়ে দোকান থেকে বের করে রাস্তায় এনে কিল-ঘুষি মারতে থাকে। এলাকাবাসী শিক্ষকদের উদ্ধার করে তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। ছাত্রীকে উত্ত্যক্ত, শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং বখাটেদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে চৌধুরাণী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে বাজারের চার রাস্তা মোড়ে সমাবেশে বক্তব্য দেন কলেজের শিক্ষক শফিকুল ইসলাম, এস এ হাসান, শাহজাহান মিয়া, আরিফ হোসেন তোকদার, আমিনুল ইসলাম, শিক্ষার্থী মইনুল ইসলাম, বাপ্পি সরকার প্রমুখ। দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম আরিফ জানান, এ ঘটনায় কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ইকবাল জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।