বখাটেপনার প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে জখম
বখাটেপনার প্রতিবাদ করায় গত বুধবার সন্ধ্যায় মাগুরা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সামনে সন্ত্রাসীরা ফরিদপুরের মধুখালি উপজেলার ভূষণা লক্ষ্মীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শরিফুজ্জামানকে (২৮) পিটিয়ে ও শরীরে গরম পানি ঢেলে গুরুতর আহত করেছে। তাঁকে বাঁচাতে এসে অন্য দুজন শিক্ষকও আহত হন। প্রশিক্ষণার্থী শিক্ষকেরা নিরাপত্তার দাবিতে গত বৃহস্পতিবার সকালে মৌন মিছিলসহ মাগুরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। প্রশিক্ষণার্থী শিক্ষকেরা জানান, সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও বাইরের লোকজন যেকোনো সময় পিটিআই ক্যাম্পাসে ঢুকে মাদক ও তাসের আসর বসায়। তারা অনেক সময় জোর করে আবাসিক ভবনের বিভিন্ন কক্ষেও ঢুকে পড়ে। সংগীতা বিশ্বাস, সুমাইয়া জামান, মাফিয়া আক্তার, মৌসুমী খাতুনসহ কয়েকজন প্রশিক্ষণার্থী অভিযোগ করেন, তাঁরা বিকেলে মাঠে খেলাধুলা করতে পারেন না। বাইরের মাস্তান-বখাটেরা এসে দাঁড়িয়ে থাকে। চিড়িয়াখানার জীবজন্তুর মতো তাঁদের দিকে তাকিয়ে থাকে। নানা অশালীন অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। অনেক সময় সীমানা দেয়াল টপকে ভেতরে ঢুকে ইটপাটকেল ছুড়ে মারে। এমনকি দরজায় এসেও ধাক্কাধাক্কি করে। এসবের প্রতিবাদ করায় গত বুধবার সন্ধ্যায় পিটিআইয়ের সামনে সন্ত্রাসীরা ফরিদপুরের মধুখালী উপজেলার ভূষণা লক্ষ্মীদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শরিফুজ্জামানকে পিটিয়ে এবং শরীরে গরম পানি ঢেলে গুরুতর আহত করে। তাঁকে বাঁচাতে এসে অন্য দুজন শিক্ষকও আহত হন। শিক্ষক শরিফুজ্জামানকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ওই শিক্ষক বাদী হয়ে ওই রাতেই মাগুরা সদর থানায় মামলা করেছেন। পিটিআইয়ের সুপার মো. কামরুজ্জামান এ প্রসঙ্গে বলেন, ‘আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। স্থানীয় সন্ত্রাসী যুবকেরা নিয়মিত পিটিআই ক্যাম্পাসের ভেতরে ঢুকে আড্ডা দেয়। মাদক সেবন করে। তাস খেলে। নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আমাদের শিক্ষকদের আবাসিক ভবনে জোর করে ঢুকে আড্ডা মারে। খেলার মাঠ জোর করে দখল করে খেলে। কিছু বললে শিক্ষকদের গালাগাল, এমননি মারধর পর্যন্ত করে। নারী প্রশিক্ষণার্থী শিক্ষকেরা সমস্যায় পড়েছেন বেশি। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কিছুই করতে পারছি না। আমরা অসহায়।’ জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। নবনিযুক্ত পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।