বখাটেপনার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, মামলা
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই বিদ্যালয়ের শিক্ষককে মারধর করেছে বখাটেরা। গত রোববার বিকেলে ধোপাদহ মোল্লাবাড়ির মোড়ে তুহিনের দোকানের উত্তর পাশে এ ঘটনা ঘটে।মারধরের শিকার শিক্ষক মওলানা মো. আবু মুসা জানান, স্কুলে আসা-যাওয়ার পথে ধোপাদহ গ্রামে বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত করত। এ জন্য অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের অনুরোধে আসা-যাওয়ার সময় তিনি ওই এলাকায় ছাত্রীদের সঙ্গে থাকতেন। ঘটনার সময় ৮-১০ জন ছাত্রী স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বখাটেরা তাদের উত্ত্যক্ত করতে থাকে। এর প্রতিবাদ করলে ধোপাদহ গ্রামের শিমুল (২৩) তাঁকে মারধর করেন। শিমুলের সঙ্গে এ সময় আরও ৩-৪ জন বখাটে ছিল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ জানান, পরিচালনা পর্ষদের তাৎক্ষণিক সভায় ওই বখাটেদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হলে তিনি বাদী হয়ে মামলা করেন।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, বিষয়টির ব্যাপারে তিনি খোঁজখবর নিচ্ছেন।