বখাটেপনার প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেপনার প্রতিবাদ করায় পটুয়াখালীর বাউফলে আশিস (১৩) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বাউফল পৌরসভার বালিকা বিদ্যালয় সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। সে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। গুরুতর আহত অবস্থায় আশিসকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানো হয়। আহত আশিস বলে, সোমবার বিকেলে বাউফল পৌরসভার ফুলতলা গীতাশ্রমের কাছে করিমের চায়ের দোকানের সামনে তার সহপাঠী প্রদীপ (১৩) এক ছাত্রীকে অশালীন কথা বলে উত্ত্যক্ত করে। এ সময় সে এর প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আশিস সহপাঠী বন্ধু প্রদীপকে একটি চড় মারে। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে প্রদীপ তাকে ডেকে বাউফল আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সড়ক এলাকায় নিয়ে তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার ডাক-চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।