বখাটেপনার প্রতিবাদে ছাত্রীদের মানববন্ধন
বখাটেপনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্থানীয় নারী সংগঠন জাগো নারী বহ্নিশিখা এবং কয়েকটি বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকেরা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন। শহরের প্রেসক্লাব ও শহীদ সাটু হলের সামনে সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টার মানববন্ধনে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কামাল উদ্দীন বালিকা উচ্চবিদ্যালয়, জেলা আদর্শ উচ্চবিদ্যালয়, আলীনগর উচ্চবিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও শাহ নেয়ামতুল্লাহ কলেজের প্রায় ৫০০ ছাত্রী ও অভিভাবক অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন টিআইবির সচেতন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক নূর-ই-আখতার, বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, রেডক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিমউদ্দৌলা চৌধুরী, গৌরি চন্দ, হুমায়ন কবীর, তৌফিকুল ইসলাম, রশিদা বেগম, রফিকুল ইসলাম, সৈয়দ শফিউল আজম প্রমুখ।মানববন্ধন শেষে মিছিল করে ছাত্রী-অভিভাবকেরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইদানীং স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রীসহ মেয়েরা বখাটেদের দ্বারা উত্ত্যক্ত ও নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। এ অবস্থায় অভিভাবকেরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। অনেক অভিভাবক মেয়েদের বাল্যবিবাহের ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন। বখাটেদের উৎপাত বর্তমানে একটি সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এর বিরুদ্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে না উঠলে এই সামাজিক ব্যাথি ভয়াবহ সংকটের সৃষ্টি করবে।স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক কে এম আলী আজম বলেন, ছাত্রী উত্ত্যক্তের ঘটনা নিয়ে প্রশাসন সতর্ক রয়েছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। তিনি উত্ত্যক্তকারীদের শনাক্ত করে জেলা প্রশসনকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।