বখাটেপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচ পালিত হয়। ছবি: সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন কর্মসূচ পালিত হয়। ছবি: সুনামগঞ্জ অফিস

সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নীকে (১৬) হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। আজ মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে শহরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের লোকজন অংশ নেন। বক্তারা বখাটেপনা ও উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানান।
গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিরাই পৌর শহরের মাদানী মহল্লা এলাকায় ঘরে ঢুকে পড়ার টেবিলেই হুমায়রা আক্তার মুন্নীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন বখাটে ইয়াহিয়া সরদার (২২)। এ সময় মুন্নী ও তার ছোট ভাই ঘরের ওই কক্ষে পড়ছিল। পড়ার টেবিলেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বখাটে ইয়াহিয়া। পরে হাসপাতালে নেওয়া পথে মুন্নী মারা যায়। প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ইয়াহিয়া ক্ষুব্ধ হয়ে এ কাজ করেন। এর আগে মুন্নীকে হত্যার হুমকি দিয়েছিলেন তিনি।
হুমায়রা আক্তার মুন্নীদের গ্রামের বাড়ি উপজেলার জগদল ইউনিয়নের নদগীপুর গ্রামে। দিরাই শহরের মাদানী মহল্লার ওই ভাড়া বাসায় মা ও ছোট ভাই মাহিদ আহমদের (৮) সঙ্গে থাকত মুন্নী। বাবা হিফজুর রহমান ছয় বছর ধরে ইতালিতে আছেন। মেয়ের লেখাপড়ার জন্য তিনি দুর্গম হাওরের গ্রাম থেকে শহরে পরিবারকে এনে বাসা ভাড়া করে দিয়েছিলেন। দিরাই বালিকা উচ্চবিদ্যালয় থেকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। পড়াশোনায় মেধাবী মুন্নী প্রাথমিক সমাপনী পরীক্ষা ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।
মানববন্ধন চলাকালে সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সুনামগঞ্জের বিশিষ্ট নারীনেত্রী শীলা রায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা যুব ইউনিয়নের সভাপতি আইনজীবী এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমকাল সুহৃদ সমাবেশের জেলা সভাপতি এ এস এম মাহবুবুল হাছান তালুকদার, জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি দ্বিপাল ভট্টাচার্য প্রমুখ।
মানববন্ধনে প্রবীণ শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী স্বপন কুমার দাস রায়, সমাজকর্মী বিকাশ রঞ্জন চৌধুরী, সাংবাদিক পঙ্কজ দে, টিআইবির সনাক সদস্য শিক্ষক কানিজ সুলতানা, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. মনোহর আলী ও সাহাব উদ্দিনসহ সুনামগঞ্জ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
একই দাবিতে সকাল সাড়ে দশটায় শহরের আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে জেলা মানবাধিকার কাউন্সিল। এখানে বক্তব্য দেন সুনামগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক মো. আবদুল হক, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমুখ।
পুলিশ জানিয়েছে, সোমবার মুন্নীর মা রাহেলা বেগম বাদী হয়ে ইয়াহিয়া সরদার ও তাঁর বন্ধু তানভীর আহমদকে (২২) আসামি করে দিরাই থানায় একটি মামলা করেছেন। পুলিশ তানভীরকে গ্রেপ্তার করেছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেছেন, ইয়াহিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘মুন্নী হত্যাকাণ্ডের আগে তার পরিবার এ বিষয়ে পুলিশকে কখনো অবহিত করেনি। পুলিশকে জানালে হয়তো এ ঘটনা না–ও ঘটতে পারত।’