বখাটেপনার শাস্তি মাথা ন্যাড়া ও জুতোর মালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল শনিবার সকালে গ্রাম্য সালিসে বখাটে যুবককে মাথা ন্যাড়া করে গলায় জুতোর মালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গাগলাজুর ইউনিয়নের বানিয়াহাড়ি গ্রামের বখাটে যুবক হিরন মিয়া (২৫) দীর্ঘদিন ধরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ অভিযোগে গতকাল শনিবার সকালে ওই ইউনিয়নের বরান্তর বড়ধলা বাজারে স্কুল কমিটি ও এলাকার লোকজন এ নিয়ে সালিস বৈঠকে বসে। সালিসে বখাটে যুবককে মাথা ন্যাড়া করে তাঁর গলায় জুতোর মালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ছাড়া বখাটে যুবক হিরন মিয়া ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে উপস্থিত এলাকাবাসীর কাছে হাতজোড় করে ক্ষমা চান।গাগলাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সালাহউদ্দিন বলেন, এ-সংক্রান্ত কোনো খবর আমরা পাইনি।