বখাটের অত্যাচারে ছাত্রী এলাকাছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়ার সাঁথিয়া উপজেলার ছাতক বরাট গ্রামের বাসিন্দা এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী বখাটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রাম ছেড়ে বেড়া পৌর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় তার পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। এ ব্যাপারে গত মঙ্গলবার মেয়েটির বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্র এবং মেয়েটি ও তার মা-বাবার সঙ্গে কথা বলে জানা যায়, ২১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে মেয়েটি স্থানীয় কমিউনিটি ক্লিনিক থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি একই গ্রামের নান্নু দেওয়ানের ছেলে এক সন্তানের জনক সোহেল (২২) তাকে জোর করে একটি হ্যাচারির পাহারাদারের ঘরে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে টানাহেঁচড়া করেন ও জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরার এ দৃশ্য সোহেলের বন্ধু রতন (২২) ভিডিও করেন। এ সময় মেয়েটির গলা থেকে একটি সোনার চেইনও ওই বখাটে ছিনিয়ে নেন। সোহেল মেয়েটিকে এই বলে শাসিয়ে দেন, এ ঘটনা প্রকাশ হলে তার বাবাকে খুন করা হবে এবং ধারণ করা ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, ‘আমাকে লাঠি ও অস্ত্রের ভয় দেখিয়ে টানাহেঁচড়া করে আমার ওপর নির্যাতন করে ও ছবি তোলে। এখন আমি পরীক্ষা দেব কেমন করে, আর সবার সামনে মুখ দেখাবই বা কেমন করে?’মেয়েটির বাবা জানান, ‘আমার মেয়েটি পড়ালেখায় ভালো। এখন ওই বখাটে যেভাবে ভয় দেখাচ্ছে, তাতে নিরাপত্তার জন্য পড়াশোনা বন্ধ করে তাকে আত্মীয়ের বাড়িতে রাখা ছাড়া আর কোনো উপায় নেই।’সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, ‘মেয়েটির বাবার কাছ থেকে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িত বখাটেরা যাতে দৃষ্টান্তমূলক সাজা পায়, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব।’