বখাটের অত্যাচারে স্কুলছাত্রী বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে ঘরে বন্দী অবস্থায় দিন কাটছিল এক স্কুলছাত্রীর। নিজ বাড়ি নিরাপদ মনে না হওয়ায় গ্রাম ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় ওই ছাত্রী। এ ঘটনায় থানায় একটি মামলাও করেছেন ছাত্রীর বাবা। এরপরও থেমে থাকেনি বখাটের অত্যাচার। এখন ওই ছাত্রী ও তার পরিবারের বিরুদ্ধে বখাটের সহযোগীরা আজেবাজে কথা লিখে বেনামে প্রচারপত্র বিলিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিংরইল ইউনিয়নে।ছাত্রীর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি বলেন, ‘বখাটের অত্যাচারে এমনিতেই মেয়েটিকে নিয়ে বিপদে পড়েছি। এখন একটি মহল বখাটের পক্ষ নিয়ে বেনামে প্রচারপত্র ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমাকে গ্রাম থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে। অবস্থা এমন পর্যায়ে গেছে, মেয়েটার লেখাপড়াই বন্ধ করে দিতে হবে।’ তিনি জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ে। ১৫-২০ দিন আগে তাঁকে এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছেন।ছাত্রীর বাবা জানান, উত্ত্যক্তের ঘটনায় গ্রামের সুশীল চন্দ্র দাশের ছেলে সুমন চন্দ্র দাশ ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে গত ২২ আগস্ট নান্দাইল থানায় একটি মামলা করেছেন। মামলার পর থেকে সুমন গা ঢাকা দিয়েছেন। সুমনের কাকা সুধীর চন্দ্র দাশ দাবি করেন, মেয়েটির সঙ্গে সুমনের প্রেমের সম্পর্ক রয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা ও নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার জাকির হোসেন বলেন, ‘মামলা হওয়ার পর এলাকায় গিয়ে আমরা তদন্ত করেছি। কিন্তু আসামি সুমনকে পাওয়া যায়নি।’ শিংরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসিম উদ্দিন বলেন, ‘ঘটনাটি পারিবারিকভাবে মিটিয়ে ফেলতে ছাত্রীর বাবাকে বলে দিয়েছি।’