নারীদের উত্ত্যক্তকারী বখাটেদের পাশাপাশি তাদের অভিভাবকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপত্বিতে কাঁচা চামড়া পাচারসংক্রান্ত এ বৈঠকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নারীদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেখা যাচ্ছে, নারীদের উত্ত্যক্তকারী বখাটেদের ব্যাপারে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তাই বখাটেদের অভিভাবকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, ইভ টিজিংয়ের অপরাধের বিচার ভ্রাম্যমাণ আদালতে করার জন্য আইন সংশোধনের একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে ইভ টিজিংয়ের বিচার ভ্রাম্যমাণ আদালতের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, আসন্ন ঈদুল আজহায় কেউ যেন পশুর হাটে চাঁদাবাজি করতে না পারে, সে ব্যাপারে গতকালের বৈঠকে পুলিশকে সতর্ক করা হয়েছে। ঈদুল আজহায় পশুর মাধ্যমে অ্যানথ্রাক্স রোগ ছড়ানোর আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, দেশে এ মুহূর্তে অ্যানথ্রাক্সের কোনো অস্তিত্ব নেই।