বখাটের আগুনে দগ্ধ কলেজছাত্রীর অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুরে কলেজছাত্রীকে পুড়িয়ে মারার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে বখাটে যুবক সায়েম উদ্দিনকে একমাত্র আসামি করে মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা গত শুক্রবার রাতে হাকিমপুরে ওই মামলা করেন।
ঢাকার বনানীতে চিকিৎসাধীন ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্র জানিয়েছে। সায়েমের বাড়ি জয়পুরহাটের চিরোলা গ্রামে। পুলিশ জানায়, তিনি এবং অজ্ঞাত দুর্বৃত্তরা হাকিমপুরের চণ্ডীপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে ওই কলেজছাত্রী ও তাঁর নানিকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ‘বখাটের আগুনে কলেজছাত্রী দগ্ধ, পুড়েছেন নানিও’ শিরোনামে প্রথম আলোয় গতকাল শনিবার সংবাদ প্রকাশিত হয়।
দগ্ধ ছাত্রীর ভাই মো. শাহিনুর ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর বোনকে বনানীর একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁর মুখমণ্ডলসহ শরীরে কিছু পোড়া অংশ এখন অনেক ফুলে গেছে। চিকিৎসকেরা গতকাল রাত পর্যন্ত কোনো প্রতিবেদন না দিলেও ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। তবে তাঁর নানির অবস্থা কিছুটা ভালো।