বখাটের আগুনে পুড়ল শরীর, পুড়ল স্বপ্ন

গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর গোপালগঞ্জের কিশোরী আঁখি চৌধুরী এখন জীবন-মৃত্যুর মাঝখানে। আগামী বছরই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। পরিবারের স্বপ্ন ছিল, মেয়ে লেখাপড়া শিখবে, বড় হবে। কিন্তু সব স্বপ্ন তার শরীরের মতোই পুড়ে গেছে। মা-বাবা-ভাইসহ স্বজনেরা এখন শোকে হতবিহ্বল।
বিয়েতে রাজি না হওয়ায় দশম শ্রেণীর ছাত্রী আঁখির গায়ে গত বৃহস্পতিবার কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। দগ্ধ অবস্থায় মেয়েটিকে গোপালগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। শরীরের ৯৬ শতাংশই পুড়ে গেছে। তার অবস্থা নিয়ে গতকাল শুক্রবার ‘প্রথম আলো’য় প্রতিবেদন প্রকাশিত হয়।
আজ শনিবার এই প্রতিবেদক গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটায় আঁখির গ্রামের বাড়ি যান। সেখানে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গেলে বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়।
আঁখিদের প্রতিবেশী গণপতি চৌধুরী জানান, আঁখি পরিবারের গর্ব ছিল। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তার রোল নম্বর ছিল ১। এখন তাঁর রোল নম্বর ৯। নিজরা সপ্তপল্লী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সে। আগামী বছরই তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় উজ্জ্বল রায় নামের এক বখাটে তার গায়ে আগুন ধরিয়ে দেয়।
‘প্রথম আলো’র ঢাকার নিজস্ব প্রতিবেদক গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ব্লু বিভাগে গিয়ে দেখেন, যন্ত্রণায় কাতরাচ্ছে আঁখি চৌধুরী। আলাপের একপর্যায়ে আঁখি যন্ত্রণাকাতর কণ্ঠে জানায়, ‘বৃহস্পতিবার দুপুরে বাড়ির দোতলার জানালার পাশে বসে পড়ার সময় মুখে গামছা বাঁধা দুজন লোক আমার ঘরে ঢোকে। এরপর তারা আমাকে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর আর কিছু মনে নেই।’

মেয়েটির বাবা মাখন লাল চৌধুরী অভিযোগ করেছেন, এলাকার বখাটে উজ্জ্বল রায় আঁখিকে অষ্টম শ্রেণী থেকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ ছিল না। আর সেই সুযোগে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। গোপালগঞ্জের সদর হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাকে ঢাকায় পাঠান। বৃহস্পতিবার রাত তিনটায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিত্সকেরা জানিয়েছেন, আঁখির শরীরের ৯৬ শতাংশ পুড়ে গেছে। অবস্থা ভালো নয়।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে গোপালগঞ্জের বেলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সুমন ভট্ট জানান, চর মানিকদাহ গ্রামে উজ্জ্বলের বাড়ি। বঙ্গবন্ধু সরকারি কলেজে ডিগ্রিতে পড়ে। উজ্জ্বলের এক আত্মীয়ের বাড়ি আঁখিদের বাড়ির পাশে। সেই সূত্রে উজ্জ্বল মাঝেমধ্যেই সেখানে যেত। তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, মামলা না হওয়ায় অভিযুক্তকে আটক করা হয়নি।
আঁখির পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় তার বড় ভাই মিঠুন চৌধুরী ও মা দীপান্বিতা চৌধুরী পাশের গ্রামে একটি অনুষ্ঠানে ছিলেন। আর বাবা স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন। এ সময় আঁখি বাড়িতে একাই ছিল। এর আগে সে এসএসসির টেস্ট পরীক্ষা দিয়ে দুপুর আড়াইটার দিকে বাড়িতে আসে।
আঁখির বড় ভাই এম এইচ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মিঠুন চৌধুরী জানায়, তাঁদের কোনো শত্রু নেই। আত্মীয়তার সূত্রে চর মানিকদাহ গ্রামের যুবক উজ্জ্বল রায় তাঁর প্রতিবেশী সুশান্ত হীরার ভায়রা গোবিন্দ চৌধুরীর আন্ধারকোটা গ্রামের বাড়িতে আসত। গোবিন্দ চৌধুরী ও আঁখিদের বসতঘর পাশাপাশি। এই আসা-যাওয়ার সুবাদে উজ্জ্বল প্রেমে ও বিয়ের প্রস্তাব দেয় আঁখিকে। কিন্তু আঁখির পরিবার তা প্রত্যাখ্যান করে।
মিঠুন বলে, প্রেম ও বিয়ে করতে ব্যর্থ হওয়ার কারণেই কোনো এক সহযোগী নিয়ে উজ্জ্বল তার বোনকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আঁখির গায়ে আগুন ধরিয়ে দেয়। সে আরও বলে, ঢাকায় সংকটাপন্ন অবস্থায় নেওয়ার সময় আঁখি তাকে বলেছে, দুজন মিলে তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। তাদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।
আঁখির মা দীপান্বিতা চৌধুরী মেয়ের খসে পড়া মাথার চুল ও পোড়া বালিশ দেখিয়ে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমার মেয়েকে আপনারা বাঁচান। আমি এ ঘটনার বিচার চাই।’
দীপান্বিতা চৌধুরীর আর্তি, আঁখি যেন তাঁর কোলে ফিরে আসে। ওকে ঘিরে মায়ের স্বপ্ন মেয়ে লেখাপড়া শিখবে, চাকরি করবে। শহরের কোনো ছেলের সঙ্গে মেয়ের তিনি বিয়ে দেবেন।
প্রতিবেশী গণপতি চৌধুরী বলেন, উজ্জ্বল রায় আঁখিকে দুই বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল। উজ্জ্বলকে নিষেধও করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী তুষার চৌধুরী (৩৮) ও সঞ্জয় চৌধুরী (৩০) বলেন, আঁখির চিত্কার শুনে তাঁরা এগিয়ে আসেন। এ সময় আঁখি দৌড়াতে দৌড়াতে ‘আমাকে বাঁচাও’ বলে চিত্কার করতে করতে ছুটে আসে। তাঁরা তাকে ধরে টিউবওয়েলের কাছে এনে আগুন নিভিয়ে ফেলেন।
ঘটনার পর সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বৌলতলী পুলিশ ফাড়ির উপপরিদর্শক সুমন ভক্ত প্রথম আলো ডটকমকে বলেন, এখনো কেউ এ ব্যাপারে মামলা করেনি। তার পরও পুলিশ সন্দেহভাজন চর মানিকদাহ গ্রামের উজ্জ্বল রায় ও তার বন্ধু নিজড়া গ্রামের তপন বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহের তালিকায় থাকাদের ওপরও নজর রাখা হচ্ছে।