বখাটের উত্ত্যক্তে দাখিল পরীক্ষার্থীর আত্মহত্যা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঠাকাটা গ্রামে বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে এক দাখিল পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, বাদুরা শেখ ফজিলাতুন নেছা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ও পাঠাকাটা গ্রামের রতন মোক্তারের মেয়ে রীনা আক্তারকে (১৫) একই এলাকার হারুণ মিয়ার ছেলে ইলিয়াস দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত শনিবার রাত নয়টার দিকে রীনা প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে ইলিয়াস তাঁকে উত্ত্যক্ত করে। এ ঘটনা জানাজানি হলে গতকাল সকালে রীনা ঘরে রাখা কীটনাশক পান করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে সে মারা যায়।রীনার মা ফাতেমা বেগম বলেন, ‘সকালে ম্যাইয়াডা (রীনা) আমারে কয়, মা, এত জ্বালা ভালো লাগে না। এরপর রীনা কীটনাশক খায়।’ রীনার চাচাতো ভাই জাহাঙ্গীর জানান, রীনাকে ইলিয়াস প্রায়ই উত্ত্যক্ত করত। শনিবার রাতেও সে রীনাকে উত্ত্যক্ত করেছে। এ ব্যাপারে ইলিয়াস ও তাঁর বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।স্থানীয় ইউপির সদস্য মজিবর রহমান জানান, শনিবার রাতে রীনার পরিবার তাঁর কাছে ইলিয়াসের বিরুদ্ধে রীনাকে উত্ত্যক্তের অভিযোগ করেছিল। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত আবাসিক চিকিৎসা কর্মকর্তা রমেশ হাওলাদার জানান, হাসপাতালে আনার আগেই রীনা মারা গেছে। পরিবারের লোকজনের কাছ থেকে তিনি শুনেছেন, রীনা কীটনাশক পান করেছিল।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ জানান, রীনার আত্মহত্যার ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।