বখাটের উত্ত্যক্তের কারণে স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক বখাটের উত্ত্যক্তের কারণে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীর (১৩) লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর বড় ভাই গত শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাজরা গ্রামের মো. আমির হোসেনের বখাটে ছেলে সাদেক হোসেন স্থানীয় মুছা মিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছে। এ ছাড়া প্রায়ই সে ওই ছাত্রীর বাড়িতে ঢিল ছুড়ে বিরক্ত করে।ছাত্রীটির বাবা বেঁচে নেই। তার একমাত্র বড় ভাই ঢাকায় চাকরি করেন। এ সুযোগে ওই বখাটে আরও বেপরোয়া হয়ে ওঠে। ফলে সম্প্রতি মেয়েটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মো. জিল্লুর রহমান বলেন, ছেলেটি এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে এলাকাবাসী কিছু বলতে সাহস পায় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ গতকাল মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছেলেটি খুবই উচ্ছৃঙ্খল। সে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটাতে পারে। তাই আইনের আশ্রয় নেওয়ার জন্য মেয়েটির অভিভাবককে পরামর্শ দেওয়া হয়েছে।’ইউএনও মো. শাহ আলম মুকুল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নিতে অভিযোগটি কুলিয়ারচর থানায় পাঠানো হয়েছে।