বখাটের উত্পাতে বন্ধ হতে চলেছে মেয়েটির লেখাপড়া
এক বখাটে যুবকের উত্পাতে বগুড়ার শেরপুর শহরের রামচন্দ্রপুর পাড়ায় এক প্রয়াত মুক্তিযোদ্ধার মেয়ের লেখাপড়া বন্ধ হতে চলেছে। একই পাড়ার আবদুল সালামের ছেলে নাজমূলের (২৪) বিরুদ্ধে শেরপুর থানায় ২৮ ডিসেম্বর এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন ওই মুক্তিযোদ্ধার স্ত্রী। প্রয়াত মুক্তিযোদ্ধার ওই মেয়ে অভিযোগ করেন, তিনি স্থানীয় একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবেন। একই মহল্লার নাজমূল তাঁকে কিছু দিন আগে প্রেমের প্রস্তাব দেন। এতে সম্মতি না দেওয়ায় নাজমূল ক্ষুব্ধ হয়ে কলেজ যাওয়ার পথে তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। এক দিন নাজমূল পথের মধ্যে তাঁর মাথার চুল টেনে ধরে তাঁকে চড় মারেন। এ ছাড়া প্রায়ই তাঁদের বাড়ির সামনে এসে নাজমূল তাঁকে অশালীন কথা বলেন।ওই ছাত্রীর মা জানান, নাজমূলের কারণে তাঁর মেয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যেতে পারছেনা। তাঁর মেয়ে এখন কলেজ এবং প্রাইভেট পড়তে যেতে ভয় পান। ২৮ ডিসেম্বর এই ঘটনা নিয়ে তিনি নাজমূলের বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে প্রতিবাদ করেন। ওই সময় নাজমূল তাঁকেও নাজেহাল করেন। নাজমূলের মা মোছা. নাজমা জানান, তাঁর ছেলে খারাপ ছেলেদের সঙ্গে মিশে এমন ঘটনা ঘটিয়েছে। তবে তিনি তাঁর ছেলেকে শাসন করেছেন। তাঁর ছেলে এখন ধুনটে আত্মীয়ের বাড়িতে গেছে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে নাজমূলকে গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে।